মিল্টন সেন,হুগলি: ধনিয়াখালির বেসরকারী বি এড কলেজ থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। উদ্ধার হয়েছে রড, লাঠি এবং সাদা থান কাপড়। শুক্রবার কলেজ সিল করে দিল পুলিশ। এই কলেজটি প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের কলেজ বলেই পরিচিত।
থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে খোঁজ নেই তারকেশ্বর বিধান সভার প্রাক্তন তৃণমূল বিধায়কের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতের অন্ধকারে কোটাল পুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে মজুত করে রাখা সরকারি ত্রাণ সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছিল। সেই সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় ধানিয়াখালী থানায়। পুলিশ পৌঁছে ওই কলেজের স্টোর রুম থেকে উদ্ধার করে ত্রিপল, ডাস্টবিন, সাবান, ইলেকট্রিক সরঞ্জাম এমনকি উদ্ধার হয় লাঠি রড এবং সাদা থান কাপড় সহ নানান সরকারি ত্রাণ সামগ্রী।
এরপরই কলেজ সিল করে দেয় পুলিশ। খবর পেয়ে সেখানে যান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরাকরি সামগ্রী লুঠ করে কলেজে মজুত করে রাখতেন প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। শুধু তাই নয় তোলাবাজি, সরকারি প্রকল্প থেকে কাটমানি খাওয়ায় একাধিক অভিযোগ রয়েছে রামেন্দুর বিরুদ্ধে।