• অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়? পিয়ালি বসাক যা বললেন....
    আজকাল | ১৩ জুন ২০২৬
  • মিল্টন সেন: তাঁর নাম করে স্কুল, কলেজ এবং সাধারণ মানুষের থেকে ক্রাউড ফান্ডিং করা হয়েছিল। কিন্তু সেটা আদৌ তাঁর কাছে পৌঁছয়নি। এর পাশাপাশি চরম অসহযোগিতা করা হয়েছে।

    তৃণমূল ঘনিষ্ঠরা এই কাজ করেছেন। আবার সেই দুর্নীতিগ্রস্তরাই ফের পর্বত আরোহণের কমিটিতে ঢোকার চেষ্টা করছে। শুক্রবার এরকমই বিস্ফোরক অভিযোগ করে বসলেন এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক।

    তিনি বলেন, ‘বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ করব। এই ঘুঘুর বাসা তো আর ভাঙা যাবে না। নতুন প্রজন্মের পর্বতারোহীরা যাতে এই দুর্নীতির শিকার না হন সেটা আমি জানাব।’

    পিয়ালির দাবি, শুধু এভারেস্ট নয়, অন্নপূর্ণা, মা কালু, ধৌওলাগিরি, মানাসুলু ও লোৎসে সহ ছ’টি শৃঙ্গ তিনি জয় করেছেন। অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ার কাছাকাছি পৌঁছেছিলেন। কিন্তু সেটা সম্পূর্ণ করতে পারেননি তৃণমূল ঘনিষ্ঠদের অসহযোগিতার জন্য।

    পিয়ালি অভিযোগ করেন, এভারেস্ট জয়ের পর সরকারি পাওনার টাকা পর্যন্ত তাঁকে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘এই কারণে আমি নেপাল সরকারের থেকে পারমিট পাইনি। দেরি হওয়ায় আমাকে ঝড়ের কবলে পড়তে হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।’

    তিনি জানান, ‘এরকম না হলে বিনা অক্সিজেনে এভারেস্ট জয়ের রেকর্ড গড়তে পারতাম আমি।’ পিয়ালি পশ্চিমবঙ্গের পর্বত আরোহণ কমিটির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন।

    তাঁর আশঙ্কা, এই কমিটির দায়িত্বে থাকা একাধিক লোকজন আগামী দিনে ফের এই কমিটি দখল করার পরিকল্পনা করছে। পিয়ালি বলেন, ‘আগে বাম আমলে এভারেস্ট জয়ীরা ৫ লক্ষ টাকা করে পেতেন। কিন্তু তৃণমূল আমাকে সেই পাওনা টাকা পর্যন্ত দেয়নি। বাকি যাঁরা এভারেস্ট জয় করেছেন তাদেরও টাকা দেওয়া হয়নি।'

    এভারেস্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদেরও টাকা না দেওয়ার অভিযোগ এনেছেন পিয়ালি। তিনি বলেন, ‘এভারেস্ট গিয়ে মৃত্যু হয়েছিল পুলিশ অফিসার গৌতম ঘোষ, পরেশ পাল ও সুভাষ নাগের। দুর্নীতির প্রমাণ লোপাট করার জন্য তাঁদের সমস্ত কাগজপত্র, ছবি, ভিডিও ডিলিট করে দেওয়া হয়।’

    উল্লেখ্য, তাঁদের পরিবার অভিযোগ করেছিল, পর্বত আরোহণ কমিটির লোকজনই এই কান্ড ঘটিয়েছে। অন্যদিকে, বিবাদীবাগে যুব কল্যাণের অফিসে আগুন লেগে যাওয়ায় আজও কেউ কোনও বিচার পায়নি।

    পিয়ালি জানান, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছেও চিঠি দিয়েছিলেন। কোনও প্রতিকার হয়নি। অরূপ বিশ্বাসের সঙ্গে দেখাও করেছেন।

    তাঁকে অফিস থেকে বের করে দেওয়া হয়। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। পিয়ালী আরও বলেন, ‘২০১৮ সালে রাজ্য সরকার থেকে মাউন্ট শ্রীকৈলাস (উত্তরাখণ্ড) অভিযান হয়েছিল।

    সেখানে ২০ হাজার ফুট উচ্চতায় পাঁচজন পর্বতারোহী দুর্ঘটনার কবলে পড়েন। হাতে, পায়ে ফ্রস্ট বাইট হয়ে তাঁদের হাত এবং পায়ের আঙুল কেটে বাদ দেওয়া হয়।

    অভিযোগ, ফিরে এসেও পর্বতারোহীরা কেউ কোনও বিমা বা চিকিৎসা পাননি। কেউ কোনও সাহায্য পায়নি। এমনকী, এই ঘটনার প্রতিবাদ করায়, বিভিন্ন ক্লাব বা বিভিন্ন হোয়াটস্যাপ গ্ৰুপ থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)