আজকাল ওয়েবডেস্ক: হাবরা থেকে বন্দে ভারত চালুর সম্ভাবনা! রেলমন্ত্রকের ইতিবাচক সাড়া মিলতেই দাবি বিধায়কের। ফলে উত্তর ২৪ পরগনার হাবরা থেকে ভবিষ্যতে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। এমনটাই দাবি করলেন হাবরার বিধায়ক দেবদাস মণ্ডল।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-র কাছে হাবরা স্টেশনের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ সংক্রান্ত একাধিক প্রস্তাব জমা দেওয়ার পর রেলমন্ত্রক সেগুলি গ্রহণ করে পরিদর্শন ও পর্যালোচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিধায়কের দাবি, হাবরা রেল স্টেশনকে অমৃত ভারত মডেলের স্টেশনে উন্নীত করা, হাবরা থেকে কলকাতা পর্যন্ত মেট্রো রেল পরিষেবা সম্প্রসারণ, রেলওয়ে আন্ডারপাস নির্মাণ, গুডস ওয়াগন টার্মিনাল গড়ে তোলা, শিয়ালদহ-হাবরা রুটে এসি ট্রেন চালু করা এবং লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি-সহ একাধিক দাবি রেলমন্ত্রকের কাছে জানানো হয়েছিল।
পাশাপাশি হাবরা থেকে পুরী, দিঘা, রামপুরহাট, শিলিগুড়ি, হাওড়া ও দুর্গাপুর মুখী বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাবও দেওয়া হয়। দেবদাস মণ্ডল বলেন, "রেলমন্ত্রক প্রস্তাবগুলির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং স্থান পরিদর্শন ও পর্যালোচনার কথা জানিয়েছে।" মেট্রো রেল পরিষেবার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে তিনি দাবি করেন।
এদিন তিনি কেন্দ্র সরকার ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "হাবরা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য এটি অত্যন্ত আনন্দের খবর।" উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে হাবরাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। একই সঙ্গে পূর্বতন রাজ্য সরকার ও প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক-এর আমলের সমালোচনা করে বর্তমান বিধায়ক দাবি করেন, "মানুষ উন্নয়নের স্বার্থেই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।"
তাঁর বক্তব্য, ভবিষ্যতে হাবরা উন্নত পরিকাঠামো, আধুনিক রেল পরিষেবা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নতুন পরিচয় পাবে। তবে রেলমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত এই প্রস্তাবগুলি নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। ফলে হাবরা থেকে বন্দে ভারত বা মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা কতটা বাস্তব রূপ পায়, এখন সেদিকেই নজর থাকবে জেলাবাসীদের।