মিল্টন সেন, হুগলি: এবার ভাঙনের পথে হুগলির ডানকুনি পুর বোর্ড। শুক্রবার ইস্তফা দিয়েছেন তৃনমূলের চার কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের মহিলা সভানেত্রী তথা ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জির বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে কাউন্সিলর পদ ছাড়ার ঘোষণা করেন চার কাউন্সিলর।
পদত্যাগী কাউন্সিলরদের যুক্তি, রাজ্যের সরকার বদল হওয়ায় প্রশাসনিক কাজের নাকি পরিবেশ নেই। পুর-প্রধান হাসিনা শবনব ও ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা কার্যত এলাকা ছাড়া। ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
২০১১ সাল থেকে তিনবার পুর বোর্ড চালিয়েছে তৃণমূল। পুরপ্রধান হয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ হাসিনা শবনব। ২৬শে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকে পুরসভায় নিয়মিত দেখা যাচ্ছে না চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ তৃণমূল কাউন্সিলরদের। পুরসভার বিরুদ্ধে বাংলার বাড়ি প্রকল্পের একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সঙ্গে পুর পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে নাগরিকদের। এই আবহে এবার কাউন্সিলরদের ইস্তফা ঘিরে পুর পরিষেবা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।