আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্য়ানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা বিধানসভা ভোটের সময়ে কলকাতার ধর্মতলায় আয়োজিত একটি প্রচার সভা থেকে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ জুন হেয়ার স্ট্রিট থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন কলকাতার এন এস সি বোস রোডের বাসিন্দা তুষার কান্তি দাস (৪৫) নামের এক ব্যক্তি। এফআইআর-এর কপি থেকে জানা গিয়েছে, ঘটনা গত ৯ মার্চ, ২০২৬-এর। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ধর্মতলার মেট্রো চ্যানেল পুলিশ ফাঁড়ির সামনে তৃণমূলের একটি সভা ছিল। অভিযোগকারীর দাবি, সেই সভা থেকেই এমন কিছু মন্তব্য করা হয়েছিল, যা রাজ্যের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩’ -এর অধীনে মোট তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে রয়েছে, ১৯৬(১) ধারা (বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করা বা সম্প্রীতি নষ্টের চেষ্টা)। ৩৫১(২) ধারা (অপরাধমূলক ভীতি প্রদর্শন বা উস্কানি)। ৩৫২ ধারা (শান্তিভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান বা প্ররোচনা দেওয়া)।
এই অভিযোগের প্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।