ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID। বৃহস্পতিবার ভবানী ভবনে তাঁকে সাড়ে ৫ ঘণ্টা ধরে বিধানসভার সই জাল কাণ্ডে মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার ফের তাঁর কালীঘাটের বাসভবনে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, 'ডিজে বাজানো হবে' সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্য মামলায় তাঁকে নোটিশ দিতে পৌঁছেছেন তাঁরা।
উল্লেখ্য, এদিন দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পটুয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই CID টিম এসে হাজির হয় তাঁর কালীঘাট রোডের বাড়িতে।
বাড়ির ভিতর থেকে অভিষেকের অফিসের এক কর্মী এসে CID আধিকারিকদের জানান, তৃণমূল সাংসদকে জানানো হয়েছে বিষয়টা। তবে তিনি কখন ফিরবেন জানা নেই। ফলত অপেক্ষারত CID আধিকারিকরা। ডায়মন্ড হারবারের সাংসদ বাড়ি না থাকায় তাঁকে নোটিশ ধরানো নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। অভিষেকের বা়ড়িতে সিআইডি যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালীঘাট এলাকায়। অনেকে তাঁর বাড়ির সামনে জড়ো হন। আসেন আইনজীবীরাও।
ঠিক কী 'উস্কানিমূলক' মন্তব্য করেছিলেন অভিষেক?
‘চার তারিখের পর ডিজে বাজবে,’। ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় তিনি এই মন্তব্য করেছিলেন। একাধিক প্রচারসভাতেও অভিষেককে এই মন্তব্য করতে শোনা যায়। যা নিয়ে প্রথমে বাগুইআটি থানায় একটি FIR দায়ের হয়। রাজীব সরকার নামে বাগুইআটির বাসিন্দা এক ব্যক্তি ১৫ মে এই অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্ত যায় বিধাননগর কমিশনারেটের সাইবার থানায়। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে CID। FIR-এ বলা হয়, অভিষেকের বক্তৃতায় উস্কানিমূলক, হুমকিমূলক এবং উত্তেজনা সৃষ্টিকারী বিষয়বস্তু ছিল, যা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারত।