• সুজিত বসু জেলে, শ্রীভূমির ক্লাব থেকে মিলল ত্রানের স্তূপ, উদ্ধার সরকারি উপহারও
    দৈনিক স্টেটসম্যান | ১৩ জুন ২০২৬
  • একমাস আগেও ছিলেন রাজ্যের মন্ত্রী। দোর্দণ্ডপ্রতাপ নেতা। সল্টলেক এলাকায় তিনিই ছিলেন শেষ কথা। কিন্তু পালাবদলের পর তিনি হলেন পরাজিত বিধায়ক। তারপর ইডির হাতে গ্রেপ্তার হয়ে এখন জেলে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার তাঁর নিয্ন্ত্রণাধীন ক্লাব থেকে ঢালাও ত্রানের স্তূপ মিলল। যা নিয়ে এখন রাজ্য-রাজনীতি তোলপাড় হয়েছে। হ্যাঁ, তিনি সুজিত বসু। যাঁর দুর্গাপুজো হতো বিগ বাজেটের। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুক্রবার মিলল ত্রানের পাহাড়।

    এদিকে এবার দুর্নীতির অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ওই ক্লাবের একটি ঘর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। এখানেই শেষ নয়, গঙ্গাসাগর মেলার জন্য বরাদ্দ উপহারের পাহাড়ও সেখান থেকে পাওয়া গেল। একইসঙ্গে বস্তা বস্তা কম্বল, লুঙ্গি থেকে শুরু করে ছোট বাচ্চাদের পোশাক, ব্যাগ, উনুন, হাঁড়ি, কড়াই, গামলা সবই উদ্ধার হলো। এমনকী কলকাতা পুরসভার সরকারি ছাপ মারা বালতিও উদ্ধার হয়েছে।

    অন্যদিকে পালাবদলের পর থেকে বহু তৃণমূল বিধায়ক, কাউন্সিলর, নেতার ডেরা থেকে এমন ত্রানের সম্ভার উদ্ধার হয়েছে। অনেকে জেলেও গিয়েছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভও দেখিয়েছেন। একের পর এক তৃণমূল নেতাদের মারা হচ্ছে ডিম, গোবর, পাথর থেকে শুরু করে পচা টমেটো। দুর্নীতির অভিযোগ আসছে ভূরি ভূরি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দণ্ডমুণ্ডর কর্তা ছিলেন এই সুজিত বসুই। বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। একদিন আগেই ত্রানসামগ্রী মিলেছিল অদিতি মুন্সির এলাকার গোডাউন থেকে।

    তাছাড়া এই ত্রানসামগ্রী অনেক গরিব মানুষ পায়নি বলেও অভিযোগ। সেগুলিই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঘরে ছিল বলে অভিযোগ। এই নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা দেবদীপ সিংহরায় বলেন, ‘তৃণমূল জমানায় সাধারণ মানুষ বছরের পর বছর ন্যূনতম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমজনতা প্রাকৃতিক বিপর্যয়ে একটা ত্রিপল বা কম্বল পাননি। তার জন্য হাহাকার করেছেন। আর সরকারি গুদামে না রেখে এই ক্লাবের ঘরে ত্রানসামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল। পরে বেচে টাকা তোলার জন্য। এই গোটা দুর্নীতির নেপথ্যে রয়েছেন স্থানীয় কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। আর এই নিতাই দত্তের মাথার ওপর ভরসার হাত ছিল তৎকালীন প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)