• উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে কবে সরছে আফস্পা? বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের
    প্রতিদিন | ১৩ জুন ২০২৬
  • উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে ধীরে ধরে আফস্পা (AFSPA) প্রত্যাহার করা হবে আগেই জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশিরভাগ জায়গা থেকে প্রত্যাহার করে নেওয়া হলেও এখনও কিছু অংশে কার্যকর রয়েছে এই আইন। এই অবস্থায় কবে উত্তর-পূর্ব থেকে পুরোপুরি স্ফস্পা প্রত্যাহার করা হচ্ছে তা জানিয়ে দিলেন অমিত শাহ। তিনি জানালেন, আগামী বছরের মধ্যেই উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে পুরোপুরি তুলে নেওয়া হবে আফস্পা।

    বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্র, নাগাল্যান্ড ও অসম সরকারের মধ্যে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের একটি চুক্তি সাক্ষর হয়। সেই উপলক্ষেই আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর-পূর্বের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে। যার জেরে উত্তর-পূর্বের ৮০ শতাংশ এলাকা থেকে ইতিমধ্যেই আফস্পা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাকি অঞ্চলগুলি থেকেও আগামী বছরের মধ্যে এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক বছরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাকি যেসব অঞ্চলে এখনও আফস্পা লাগু রয়েছে সেই সব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হচ্ছে। সরকারের লক্ষ্য আগামী বছরের মধ্যেই সমস্ত উত্তর-পূর্বাঞ্চল থেকে আফস্পা সম্পূর্ণরূপে প্রত্যাহারের।

    উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারত থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা (AFSPA) প্রত্যাহারের দাবি আজকের নয়, দীর্ঘ সময়ের। সাধারণ নাগরিকের নিরাপত্তার নামে সেনাবাহিনী তাঁদের উপর অকথ্য নির্যাতন করে বলে প্রায়শয়ই অভিযোগ ওঠে। প্রসঙ্গত, নয়ের দশক থেকে অসম, নাগাল্যান্ড-সহ উত্তরপূর্ব ভারতের প্রায় সবকটি রাজ্য ‘উপদ্রুত এলাকা’ হিসাবে চিহ্নিত করে সেখানে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করার অধিকার দিয়েছিল কেন্দ্র। তবে সেনার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আফস্পা প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন নেত্রী ইরম শর্মিলা চানু। সেই ইতিহাস কারও অজানা নয়।

    বর্তমানে বেহাল অবস্থা মণিপুরের। গত ৩ বছর ধরে জাতি সংঘর্ষে জ্বলছে এই রাজ্য। গত কয়েক দিনে মণিপুরের একাধিক এলাকায় হামলার ঘটনাও সামনে এসেছে। বহিরাগত শক্তি এবং জঙ্গি গোষ্ঠীর মদতে ওই অঞ্চলে নতুন করে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ। এই অবস্থার মাঝেই আফস্পা প্রত্যাহারের বিষয়ে কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • Link to this news (প্রতিদিন)