• ডিজে বাজানো বিতর্কে মুখ খুললেন অভিষেক, তোপ CID-কে
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • সই বিতর্ক মামলায় জিজ্ঞাসাবাদের পরে উস্কানিমূলক মন্তব্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল সিআইডি। আর সেই নোটিস দেওয়া ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো অভিষেকের কালীঘাটে বাড়ির সামনে। শুক্রবার বাড়ির সামনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে ছত্রে ছত্রে সিআইডি-কে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    এ দিন অভিষেকের সাফ জবাব, ‘কোনও দিন তদন্ত এড়াইনি।’ এ দিন প্রথমে সিআইডির টিম যখন যায়, তখন অভিষেক বাড়িতে ছিলেন না। প্রায় আড়াই ঘণ্টা বসে থাকে সিআইডি টিম। তারপরে অভিষেক এসে সাংবাদিক সম্মেলন করেন। তার কিছুক্ষণ পরে সিআইডি ফের গিয়ে নোটিস দিয়ে আসে। এ দিন অভিষেক বলেন, ‘দলের মিটিংয়ে ছিলাম। তখন খবর পাই সিআইডি এসেছে। তখন সেক্রেটারি মারফত জানাই, আপনারা কাউকে দিয়ে দিন। আমি পেয়ে যাব...আমি বলেছিলাম আমার হাতে দিতে গেলে অপেক্ষা করতে হবে।’ নোটিস দিতে আসার আগে কেন সিআইডির তরফে যোগাযোগ করা হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর মন্তব্য, ‘সিআইডি যদি আমায় ফোন করে আসে, আমি থাকব। আপনারা যদি আসেন যোগাযোগ করে আসুন। নয়তো অপেক্ষা করতে হবে।’

    ভোট প্রচারের সময়ে ৪ তারিখের পরে ডিজে বাজানোর মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা নিয়ে মামলা হয়েছিল, সেটা এখন সিআইডির হাতে। ওই মামলাতেই নোটিস দেওয়া হয়েছে। ওই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করবেন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে... জ্ঞানেশ কুমারের যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে হতো তাহলে অমিত শাহের বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো।’ ভোটের সময়ে নির্বাচন কমিশনের হাতে ছিল প্রশাসনের ক্ষমতা, অভিষেকের যুক্তি সেই সময়ে ব্যবস্থা নিতে গেলে অমিত শাহের বিরুদ্ধে নিতে হতো। সেই কারণে তাঁর দাবি, ‘সরকার বদলেছে তাই মামলা হয়েছে। আমার বিরুদ্ধে মামলা হলে অমিত শাহের বিরুদ্ধে কেন মামলা হবে না।’

    রাহুল গান্ধীর সঙ্গে মিটিংয়ের বিষয় কেন সংবাদমাধ্যমে এসেছে, প্রশ্ন অভিষেকের। সিআইডি জিজ্ঞাসাবাদের বিষয় কী ভাবে সংবাদমাধ্যমের সামনে এসেছে, সেই প্রশ্নও করেছেন অভিষেক। ‘কোনও আলোচনা না করে ভুল তথ্য পরিবেশন করলে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে বাধ্য হবো’, সংবাদমাধ্যমকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)