• মুর্শিদাবাদে যুবকের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার! গ্রেফতার করল পুলিশ
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করল হরিহরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় আতর আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।

    স্থানীয় সূত্রের দাবি, ধৃত আতর আলি আম জনতা উন্নয়ন পার্টির সক্রিয় কর্মী। এছাড়াও সূত্রের খবর, আসন্ন ভোটকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই অস্ত্র মজুত রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। ধৃতকে শুক্রবার বহরমপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।

    প্রসঙ্গত উল্লেখ্য, হরিহরপাড়া শুধু নয়, গতকাল রানিনগরে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ টহলদারী চালানোর সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রেন্টু শেখ (২৪), বাড়ি রামচন্দ্রপুর এলাকায়।

    বুধবার রাতে রানিনগর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের মাঠ সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল সত্য। ওই ব্যক্তির কাছ থেকে ১টি, (৭ এম.এম) আগ্নেয়াস্ত্র, ১টি ম্যাগাজিন এবং ৩টি তাজা কার্তুজ উদ্ধার হয়। উদ্ধার হওয়া ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ স্বপক্ষে কোনও বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি ধৃত রেন্টু শেখ। এর পাশাপাশি গতকাল ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৮টা তাজা বোমা উদ্ধার করা হয় এবং বোমা নিস্কিয় করে পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারে অভিযান চলবে ।
  • Link to this news (News18 বাংলা)