মালদহ ডিভিশনের আরপিএফের বড় সাফল্য! বনাঞ্চল এক্সপ্রেস থেকে উদ্ধার ১৭৪টি মোবাইল
News18 বাংলা | ১৩ জুন ২০২৬
রেল প্রাঙ্গণ ও ট্রেনে অপরাধ দমন এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ‘অপারেশন সতর্ক’-এর আওতায় বড় সাফল্য পেল মালদহ ডিভিশনের আরপিএফ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বারহারওয়া আরপিএফ পোস্ট এবং সিপিডিএস দলের যৌথ উদ্যোগে বনাঞ্চল এক্সপ্রেসে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেন নম্বর ১৩৪০৩ বনাঞ্চল এক্সপ্রেসে অভিযান চালানোর সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। ধৃত দু’জনই মালদহ জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা। তল্লাশির সময় তাদের কাছ থেকে বিভিন্ন নামী সংস্থার মোট ১৭৪টি পুরনো ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ৮৫টি এবং অন্যজনের কাছ থেকে ৮৯টি মোবাইল ফোন পাওয়া যায়।
মালদহ ডিভিশন কতৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ লক্ষ ৯৫ হাজার ৮৭৮ টাকা। প্রাথমিক তদন্তে এগুলিকে চুরি যাওয়া মোবাইল ফোন বলে সন্দেহ করা হচ্ছে। তবে উদ্ধারকৃত ফোনগুলির বৈধ মালিকানা বা বহনের কারণ সম্পর্কে ধৃতরা কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তাই আইনানুগ প্রক্রিয়া মেনে সমস্ত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং ধৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সামগ্রীসহ গ্রেফতারের পর পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য জিআরপি বারহারওয়ার হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় কি উদ্দেশ্যে ট্রেনে করে এই চুরি যাওয়া মোবাইল কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে রেল পুলিশ আধিকারিকরা।