বদলে যাবে গ্রামের অর্থনীতি, কেন্দ্র সরকারের এই প্রকল্পের কাজ শুরু হল জেলায়
News18 বাংলা | ১৩ জুন ২০২৬
অবশেষে দীর্ঘদিন পর আবারও চালু হল কেন্দ্র সরকারের এই প্রকল্প। মুখ্যমন্ত্রীর জেলায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। ফলে উপকৃত হবে গ্রামীণ এলাকার মানুষেরা। বৃদ্ধি লাভ করবে গ্রামীণ অর্থনীতি। বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন প্রকল্পের কাজ শুরু হল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। চার বছর পর রাজ্যে নতুনসরকারের হাত ধরে একশ দিনের কাজ চালু হল। খুশি গ্রামীন এলাকার সাধারণ মানুষেরা।
কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে রাজ্যে বন্ধ হয়ে পড়েছিল ১০০ দিনের কাজ। এবার বিধানসভা নির্বাচনে পালা পদলের পর রাজ্যে নতুন সরকার। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থাকায় কেন্দ্রে সহায়তায় চারবছর পর আবার সেই কাজে শুভ সূচনা ঘটল। এদিন মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের কেশবপুর জালপাই এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কাজের শুভ সূচনা ঘটে। উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, মহিষাদলের বিডিও জিষ্ণু দে, ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
এদিন ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের শ্রী শ্রী বিশালক্ষ্মী জীউ মাতা সেবাহিত মন্দিরের পুকুর সংস্কারের মধ্যদিয়ে কাজে শুভ সূচনা ঘটে। মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা জানান, “বিগত সরকারের চুরি দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায় ১০০ দিনের কাজ। বাংলার সরকারের পরিবর্তন ঘটেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর চেষ্টায় দেশের প্রধানমন্ত্রী সহায়তায় আবার ১০০ দিনের কাজ শুরু। তবে আগামী দিনে ১২৫ দিনের কর্মসংস্থান হবে এই রাজ্যে। আমরা স্বচ্ছতার সঙ্গে আগামীদিনে কাজ করে নজির গড়ব।” বিডিও জিষ্ণু দের জানান, ” জুন মাস ধরে ১০০ দিনের কাজ তারপর সরকারি নির্দেশ অনুসারে ১২৫ দিনের কর্ম সংস্থান হবে। দীর্ঘদিন পর আজ অনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা করতে পেরে ভালো লাগছে।”
রাজ্যে পালা বদলের পর নতুন করে ১০০ দিনের কাজ শুরু হওয়ার খুশি এলাকাবাসী। কারণ গ্রামীণ অর্থনীতিতে দারুণভাবে একসময় প্রভাব ফেলেছিল এই ১০০ দিনের কাজ। এদিন মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় পুকুর সংস্কার শুরু হয়েছে এই ১০০ দিনের কাজ প্রকল্পে। কাজ পেয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। তারা জানিয়েছেন দীর্ঘদিন কাজ থেকে বঞ্চিত ছিল। আগের কাজের অনেক টাকা বাকি। নতুন সরকারের হাত ধরে আবার কাজ শুরু হওয়ায় তাঁরা ভীষণ খুশি। রাজ্যে নতুন সরকারের হাত ধরে কেন্দ্রের এই প্রকল্পের কাজ শুরু হল মুখ্যমন্ত্রীর জেলায় মহিষাদলে।