• মানুষের ঘর বাঁচাতে ৮০ ঊর্ধ্ব বিধায়কের ছুটোছুটি, সটান হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির হলেন রতুয়ার ৮০ ঊর্ধ্ব বিধায়ক সমর মুখার্জী। ধুতি-পাঞ্জাবি পরে বৈঠকে যোগ দিতে এসে তিনি রতুয়া সহ গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।

    বিধায়ক সমর মুখার্জী জানান, গত কয়েক দশক ধরে গঙ্গা ভাঙন মালদহ জেলার অন্যতম বড় সমস্যা। পূর্ববর্তী সরকারের আমলেও তিনি একাধিকবার বিধানসভা থেকে শুরু করে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের কাছে বিষয়টি তুলে ধরেছিলেন। তবে স্থায়ী সমাধান মেলেনি। তাঁর দাবি, রতুয়া এলাকার প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ সরাসরি ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রশাসনিক বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেলে তিনি গঙ্গা ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানাবেন।

    শুক্রবার মালদহে অনুষ্ঠিত এই প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ জেলার সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং স্থানীয় সমস্যাগুলি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, প্রতিবছর বর্ষার সময় মালদহ জেলার মানিকচক, রতুয়া, কালিয়াচক-২, কালিয়াচক-৩ এবং ইংরেজবাজার ব্লকের বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙনের প্রকোপ দেখা দেয়।

    বহু পরিবার বসতভিটা ও কৃষিজমি হারিয়ে সর্বস্বান্ত হন। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি, অস্থায়ী ব্যবস্থা নয়, গঙ্গা ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ করতে হবে। নতুন সরকারের প্রশাসনিক বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে বলেই আশাবাদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, বহু বছরের এই সমস্যার অবশেষে কার্যকর সমাধান হবে এবং গঙ্গাপাড়ের মানুষ ভাঙনের আতঙ্ক থেকে মুক্তি পাবেন।
  • Link to this news (News18 বাংলা)