স্বস্তি দক্ষিণবঙ্গে। নির্ধারিত সময়ের চারদিন আগে, শুক্রবার বর্ষা এল দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিন্তু এখন প্রশ্ন একটাই, বৃষ্টি হলেও কি গরম কমবে?
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ হালকা মেঘলা। রোদের তেজ প্রায় নেই বললেই চলে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় রয়েছে গুমোট ভাব। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোনও কোনও জেলায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে নতুন করে তাপমাত্রা বৃদ্ধিরও আর তেমন সম্ভাবনা নেই।
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। নতুন সপ্তাহেও অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।