• বাড়ির বাগানেই পুরসভার নথি পুড়িয়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার অশোকনগরের পুর প্রধান
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • নিজের বাড়ির বাগানে পুরসভার গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগ অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকারের বিরুদ্ধে। ওই অভিযোগে শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে পুরপ্রধানের বাড়ির বাগানে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। খবর পেয়ে বিজেপি-র স্থানীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে ঘর থেকে বের হননি পুরপ্রধান। খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে।

    পুলিশ গিয়ে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে। পরে বাইরে এসে পুর প্রধান দাবি করেন, বাগানে তিনি কেবল শুকনো পাতা পোড়াচ্ছিলেন। যদিও বিজেপি-র নেতাদের অভিযোগ, শুকনো পাতা নয়, পুরসভার ও বিভিন্ন সরকারি নথি-সহ পরিচয় পত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল। পুলিশ অভিযোগ পেয়ে পুরপ্রধানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

    বিজেপির স্থানীয় দাবি, অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি তৈরি সংক্রান্ত ও আরও নানা অভিযোগ রয়েছে। দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই নথিপত্র পোড়ানো হয়েছে। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)