কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা। শনিবার সকাল থেকে বিধায়কের একাধিক বাড়িতে চলছে তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মদনের কামারহাটি, ভবানীপুর, জোকা-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়। বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযানে গিয়েছে ইডি।
ইডি সূত্রে খবর, কামারহাটিতে বিধায়কেরর ফ্ল্যাট থেকে বেশ কিছু ব্যাঙ্কের নথি এবং টাকা উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়িতে একটি ডায়েরি পাওয়া গিয়েছিল। সেই ডায়েরিতেই ‘এমএম’ লেখা ছিল। ইডি সূত্রে খবর, সেখান থেকেই মদন মিত্রের নাম উঠে আসে। কামারহাটি পুরসভায় কীভাবে দুর্নীতি হয়েছিল সেই সমস্ত বিষয় মদন মিত্রকে জিজ্ঞাসা বাদ করতে চায়। এই মুহূর্তে তিনি ভবনীপুরে রয়েছেন। সেখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
জোকায় বিধায়ক মদনের পুরনো একটি ফ্ল্যাটে এদিন সাতসকালে পৌঁছয় ইডি। দশ বছর আগে এই ফ্ল্যাটে তিনি থাকতেন বলে খবর। সেখানে আজ ইডি-র আধিকারিকরা পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায়।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসু। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে।