শিশুদের বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিল কিশোর, 'বীর' ছেলেকে হারিয়ে পরিবারে হাহাকার
News18 বাংলা | ১৩ জুন ২০২৬
গঙ্গার প্রবল জলস্রোতে ভেসে যাচ্ছিল শিশুরা। এই দেখে জলে ঝাঁপ দিয়ে শিশুদের উদ্ধার করলেও নিজে জলে ভেসে গিয়ে প্রাণ হারাল এক কিশোর। ওই কিশোরের নাম নাসিম মল্লিক। এই ঘটনায় রাতারাতি সকলের কাছে হিরো হয়ে উঠেছে নাসিম। কিন্তু গঙ্গার জলের তোড়ে ভেসে গিয়ে নাসিম জীবন বিসর্জন দিয়েছে।
জানা গিয়েছে একাদশ শ্রেণীর ছাত্র নাসিম মল্লিকের চোখের সামনে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। ঘাটেই স্নান করতে নেমে তলিয়ে যেতে শুরু করেছে বেশ কিছু বাচ্চা। দেখা মাত্রই আর দেরি করেনি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিম মল্লিক। মুহূর্তেই জলে ঝাঁপ। এক এক করে উদ্ধার করে সব বাচ্চাকেই। কিন্তু, উদ্ধার কাজ শেষ হতে না হতেই দেখা যায় নিজেই তলিয়ে যাচ্ছে নাসিম।