জঙ্গিপুর-কৃষ্ণনগরের সঙ্গে জুড়বে ঘোজাডাঙা, NH-312 উন্নয়নে সীমান্তে ব্যবসা-পরিবহনে বাড়বে গতি
News18 বাংলা | ১৩ জুন ২০২৬
জঙ্গিপুর থেকে বসিরহাট ৪ লেনের সম্ভাবনা, NH-312 উন্নয়নে নতুন গতি; আশায় সীমান্তবাসী। দীর্ঘদিনের অপেক্ষার পর জঙ্গিপুর-কৃষ্ণনগর-বনগাঁ-বসিরহাট-ঘোজাডাঙা সীমান্ত পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়ক NH-312-এর উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সড়কটি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (NHAI)-এর হাতে তুলে দেওয়ায় দ্রুত উন্নয়ন কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এলাকাবাসীর আশা, ভবিষ্যতে এই সড়ক চার লেনে উন্নীত হলে যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে যাবে।
প্রস্তাবিত রুটটি জঙ্গিপুর-ওমরপুর-কৃষ্ণনগর-বনগাঁ-বসিরহাট-ঘোজাডাঙা সীমান্ত পর্যন্ত বিস্তৃত, যার মোট দৈর্ঘ্য প্রায় ৩২৯.৬ কিলোমিটার। এই সড়ক উন্নত হলে মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগণার মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সংযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিভিন্ন জেলায় যাতায়াতের সময় দুর্ঘটনার আশঙ্কা, যানজট এবং অতিরিক্ত সময় নষ্ট হওয়া ছিল নিত্যদিনের ঘটনা। সড়কের উন্নয়ন হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তাঁদের আশা।
এই রাস্তার উন্নয়ন হলে বসিরহাট ও ঘোজাডাঙা সীমান্তের বাণিজ্যিক গুরুত্বও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উন্নত সড়ক যোগাযোগের ফলে সীমান্ত দিয়ে পণ্য পরিবহণ আরও দ্রুত ও সহজ হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে আমদানি-রফতানি ও স্থানীয় অর্থনীতিতে। পাশাপাশি বসিরহাট সীমান্তের সঙ্গে ঝাড়খণ্ড ও বিহারের সড়ক যোগাযোগ আরও মজবুত হবে, ফলে ওই রাজ্যগুলির সঙ্গে পণ্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য এবং আন্তঃরাজ্য যোগাযোগের নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও দ্রুত কাজ শুরুর ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্যে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়ায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, NH-312 উন্নত হলে শুধু যাতায়াত নয়, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহণ এবং সীমান্তভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডও নতুন গতি পাবে। ভবিষ্যতে চার লেনের আধুনিক সড়ক বাস্তবায়িত হলে এই করিডর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথে পরিণত হতে পারে। এখন সকলের নজর একটাই প্রশ্নে—দীর্ঘদিনের জট কাটিয়ে এবার কি সত্যিই বদলে যাবে NH-312-এর চেহারা? উন্নয়নের সেই প্রত্যাশাতেই দিন গুনছেন জঙ্গিপুর থেকে ঘোজাডাঙা সীমান্ত পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ।