অর্থ তছরুপ মামলায় বিজয়নের মেয়ে বীণাকে ফের তলব ইডির
বর্তমান | ১৩ জুন ২০২৬
তিরুবনন্তপুরম: আর্থিক তছরুপ মামলায় কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা বীণাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৭ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। শুক্রবারই ইডি ডেকে পাঠিয়েছিল বীণাকে। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জিজ্ঞাসাবাদ পর্ব পিছিয়ে দেওয়ার আবেদন জানান। এরই মধ্যে ফের সমন পাঠানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রী-কন্যাকে।
কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, বেআইনি লেনদেনে অভিযুক্ত বীণার মালিকানাধীন আইটি সংস্থা ‘এক্সালজিক সলিউশনস’ ও কেরলের খনি সংস্থা কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল)। এই সংক্রান্ত বিষয়ে তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। সিএমআরএলের ম্যানেজিং ডিরেক্টর শশীধারন কারথা ও অন্যান্য আধিকারিকদেরও ডেকে পাঠানো হয়েছে।
অভিযোগ, ২০১৭-২০২১ সালের মধ্যে সিএমআরএল কোনো পরিষেবা না নিয়েই এক্সালজিককে মাসে ১.৭২ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছে। ইডির দাবি, এই লেনদেন অর্থ পাচার ও ঘুষের অংশ। সম্প্রতি ওই সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালানো হয় তিরুবনন্তপুরমে বীণার ভাড়াবাড়ি ও পিনারাই বিজয়নের বাসভবনেও। সেই অভিযানে উদ্ধার হওয়া নথি ও ডিজিটাল তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হবে বীণাকে।