• বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা থাকলেও, টিভি ও কেবল ব্যবসায় জোয়ার নেই, ভরসা মোবাইলই
    বর্তমান | ১৩ জুন ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শিলিগুড়িতে উন্মাদনার পারদ এখন ঊর্ধ্বমুখী। প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক, রাত জেগে খেলা দেখার ব্যস্ততা,ম্যাচ ঘিরে চুলচেরা বিশ্লেষণ। সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। পাড়ার চায়ের দোকান থেকে মোড়ের আড্ডা, সর্বত্রই এখন বিশ্বকাপের আলোচনা। তবে এই পরিচিত উন্মাদনার মধ্যে রয়েছে এক অচেনা ছবি। একসময় বিশ্বকাপ ফুটবল মানেই টিভি বিক্রির বাজারে জোয়ার এবং নতুন কেবল সংযোগ নেওয়ার হিড়িক। কিন্তু এবার সেই চিত্র প্রায় অনুপস্থিত বলে জানাচ্ছেন টিভি বিক্রেতা ও কেবল অপারেটররা।

    শিলিগুড়ির ব্যবসায়ী বাবুয়া রায় বলেন, আগে বিশ্বকাপ বা বড়ো কোনো ক্রীড়া প্রতিযোগিতা হলেই মানুষের মধ্যে নতুন টিভি কেনার আগ্রহ দেখা যেত। সাদাকালো বা সাধারণ টিভির বদলে উন্নতমানের টিভি কেনার প্রবণতা ছিল। বিশ্বকাপ উপলক্ষে অনেকের বাড়িতে প্রথম টিভি ঢুকত। কিন্তু এবার টিভি কেনার সেই উন্মাদনা আর নেই।

    তিনি আরও জানান, মোবাইল ফোনের ব্যাপক ব্যবহারও টিভির বাজারে প্রভাব ফেলেছে। এখন মানুষ হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেই খবর থেকে খেলা-সবকিছু দেখে নিতে পারছেন। ফলে টিভির প্রতি নির্ভরতা কমেছে।

    একই অভিমত কেবল অপারেটরদেরও। শহরের কেবল ব্যবসায়ী বিশ্বজিৎ দাস বলেন, আগে বড়ো কোনো খেলা হলে নতুন করে কেবল সংযোগ নেওয়ার প্রবণতা দেখা যেত। এখন মানুষ অল্প খরচে মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখতে পারছেন। ফলে কেবল সংযোগের চাহিদা কমেছে। তাঁর কথায়, শুধু খেলা নয়, সামগ্রিকভাবে টেলিভিশন দেখার অভ্যাসেও পরিবর্তন এসেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইলভিত্তিক বিনোদনের প্রসারের ফলে কেবল ব্যবসায় গ্রাহকসংখ্যা বছর বছর কমছে। 

    ফলে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের আবেগ ও উৎসাহ অটুট থাকলেও, তার প্রতিফলন আর টিভি বিক্রি বা কেবল সংযোগের বাজারে দেখা যাচ্ছে না। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গিয়েছে খেলা দেখার মাধ্যমও।
  • Link to this news (বর্তমান)