• দীঘায় খোলা হল বিশ্ববাংলা গ্লোব
    বর্তমান | ১৩ জুন ২০২৬
  • সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় আর বিশ্ববাংলার লোগো থাকছে না। কয়েকদিন আগে দীঘার জগন্নাথধাম নাম পরিবর্তন করে ‘জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র’ নামকরণ করা হয়েছে। এবার তৃণমূল জমানায় দীঘায় উন্নয়নের প্রতীক হিসাবে চিহ্নিত বিশ্ববাংলার লোগো সরানোর কাজ শুরু হল। শুক্রবার ওল্ড দীঘার ১নম্বর গেটের সামনে থাকা অতিকায় বিশ্ববাংলা গ্লোবটি খুলে ফেলা হয়। দীঘার আর যে ক’টি গ্লোব ও লোগো রয়েছে, তা সরানোর কাজ হবে। কিছুদিন আগে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার প্রশাসনিক ভবন ‘জাহাজবাড়ির’ সামনে থাকা বিশ্ববাংলার গ্লোব সরানোর কাজ হয়।

    তৃণমূল সরকারের আমলে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যে দীঘা সহ নানা জায়গায় বিশ্ববাংলা ব্র্যান্ড লোগো লাগানো গ্লোব তৈরি হয়। মাঝে বিশ্ববাংলার ‘ব’ নকশায় বৃত্তাকার লোগো থাকত। বিধানসভা ভোটে পালাবদলের পর তা সরানোর কাজ শুরু করেছে নতুন বিজেপি সরকার। 

    উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইচ্ছায় দীঘাকে একসময় সুন্দর করে সাজানো হয়েছিল। তারই অঙ্গ হিসেবে ওল্ড দীঘার একটি পার্ক তৈরি করে সেখানে বসানো হয়েছিল বিশ্ববাংলা গ্লোব ও লোগো। বিভিন্ন ঘাটে ছিল বিশ্ববাংলা গ্লোব। রাতে ওই গ্লোব কাঠামোয় নানা রঙের আলোর ছটায় এলাকা মোহময়ী হয়ে উঠত। সব মিলিয়ে তা পর্যটকদের কাছে দর্শনীয় হয়ে উঠেছিল। বিশ্ববাংলা উদ্যানে লোগোর সামনে দাঁড়িয়ে একটা সময় ছবি ও সেলফি তুলতেন পর্যটকরা। কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধুমল বলেন, সরকারি নির্দেশ মেনে দীঘা থেকে বিশ্ববাংলা লোগো সরিয়ে ফেলা হচ্ছে। সেখানে আগামীদিনে রাজ্য সরকারের নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, নতুন সরকার নতুন চিন্তাধারায় কাজ করছে। আশা করছি, যা হবে তা ভালই হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)