তৃণমূল সাংসদের সংবর্ধনার প্রস্তাব ফিরিয়ে দিলেন বিজেপির মন্ত্রী
বর্তমান | ১৩ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূলের হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা দেওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন তা ফিরিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হুগলির বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের বিজেপি সরকারের এই মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মানুষ তৃণমূলের প্রতি ক্ষোভ থেকেই বিজেপিকে ক্ষমতায় এনেছে। ফলে, মানুষের এবং কর্মীদের অনুভূতিতে আঘাত করে তৃণমূল সাংসদের সংবর্ধনা তিনি নেবেন না। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। এমনিতেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ‘বেসুরো’ হয়েছেন বলে গুঞ্জন। সেই আবহে তাঁর আগবাড়িয়ে বিজেপির মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব সেই চর্চায় বাড়তি মাত্রা যোগ করেছে। এনিয়ে সাংসদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফে সাড়া মেলেনি। কিন্তু হাটে হাঁড়ি ভেঙেছেন সুমনা। তিনি বলেন, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দেন। আমি পত্রপাঠ তা খারিজ করে দিয়েছি। মানুষ তৃণমূলের উপর তিতিবিরক্ত। কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়ে বিজেপিকে জিতিয়েছেন। এখন সংবর্ধনা নিয়ে তাঁদের অনুভূতিতে আঘাত করতে চাই না।