নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরে শিল্প হবেই। পরিকল্পনা চলছে। শুক্রবার এমনটাই দাবি করলেন সিঙ্গুরের সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক অরূপ দাস। এবারের নির্বাচনে সিঙ্গুরের শিল্প একটি বড়ো ইস্যু ছিল। ভোটের আগেই প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করিয়ে সলতে পাকিয়েছিল বিজেপি। তারপরে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বেচারাম মান্নাকে হারিয়ে বিরাট জয় পেয়েছেন বিজেপির চিকিৎসক প্রার্থী অরূপ দাস। শুক্রবার তিনি রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের বাড়িতে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানেই তিনি সিঙ্গুরে শিল্পের জন্য দাবি পেশ করেন। সম্প্রতি শিল্পমন্ত্রী নিজেও বারবার সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গ তুলেছেন। এদিন সাক্ষাতের পর অরূপবাবু বলেন, শিল্পমন্ত্রী জানিয়েছেন, সিঙ্গুরে শিল্প নিয়ে চর্চা শুরু হয়েছে। তাঁর সঙ্গে কিছু বিষয়ে আমার কথা হয়েছে। শিল্পমন্ত্রী বলেছেন, সিঙ্গুরবাসীর স্বপ্ন পূরণ হবে। বিধায়ক বলেন, সিঙ্গুরে শিল্প আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি পূরণে আমি ও আমার দল দায়বদ্ধ।