• ফের হাঁটানো হল জাহাঙ্গিরকে, পুষ্পাকে দেখে থমকালেন পথচারীরা
    বর্তমান | ১৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’দিক থেকে তাঁকে শক্ত করে ধরে আছেন দুই পুলিশকর্মীর। পরণে কালো গেঞ্জি ও কালো হাফপ্যান্ট। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হল ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’-কে। তাঁকে ঘিরে রেখেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শোনা যায়, ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষ তাঁর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না। আর এদিন দেখা গেল, সেই জাহাঙ্গির প্রায় গোটা রাস্তাই হেঁটে গেলেন মাথা নামিয়ে। পাশ দিকে কাউকে যেতে দেখলে সরাসরি তাকাতেও পারছেন না! মাথা নীচু করে হাতজোড় করছেন। এতদিনের অত্যাচারের পর কি তিনি অনুতপ্ত? তাই  মানুষের কাছে ক্ষমা চাইছেন? জাহাঙ্গিরের ভাবভঙ্গি দেখে এসব প্রশ্নে জল্পনা বাড়ছে ফলতাজুড়ে। অনেকে আবার বলছেন, ‘সবই নাটক’! পুলিশ জানিয়েছে, আরও একটি মামলার পুনর্নির্মাণ করতেই সুজাপুর ও হল্ট ৪ এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল ধৃত জাহাঙ্গিরকে। জানা গিয়েছে, এদিন থানা থেকে ওই এলাকায় নিয়ে যাওয়ার পর গাড়ি থেকে নামানো হয় তাঁকে। তাঁকে দেখামাত্রই পথচারীরা কার্যত থমকে যান। কারণ, তাঁরা কেউই গত ১০ বছরে এমন দৃশ্য তাঁরা কল্পনাতেও আনতে পারেননি। পুলিশের কাজ হয়ে যাওয়ার পর আবার ধৃত নেতাকে নিয়ে থানায় চলে আসে তারা। এদিকে, মগরাহাট পশ্চিমে লক্ষ্মীকান্তপুর এলাকার ধৃত তৃণমূল নেতা পঙ্কজ বেরাকেও তদন্তের স্বার্থে রাস্তায় ঘোরানো হয়। ঘটনার পুনর্নির্মাণ করাতেই পুলিশের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)