• আবশ্যিক টেট: সরকারের হস্তক্ষেপ চেয়ে আন্দোলনে আরএসএসের শিক্ষক সংগঠন
    বর্তমান | ১৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষককে আবশ্যিকভাবে টেট-এ উত্তীর্ণ হতে হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকারের হস্তক্ষেপ চেয়ে আন্দোলনে নামতে চলেছে আরএসএস-এর প্রাথমিক শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সঙ্ঘ (এবিআরএসএম)। 

    শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছে, ১৮ জুন দেশজুড়ে সমস্ত জেলাশাসকের দপ্তরে এ নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে সঙ্ঘের তরফে। তবে, স্মারকলিপির উদ্দেশ্য হবেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন সঙ্ঘের রাজ্য সভাপতি আশিসকুমার মণ্ডল, সহ-সভাপতি শান্তনু মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদক বাপি মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের হিসাবে এই নির্দেশের ফলে দেশজুড়ে ২০ লক্ষ এবং এ রাজ্যের ৯০ হাজার শিক্ষক সমস্যায় পড়বেন। এনসিটিই যে শর্তসাপেক্ষে ছাড় দিয়েছিল, তাও সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেনি বলে তাঁদের আক্ষেপ। তাই লোকসভায় আইন পরিবর্তন করে এই সমস্যার সুরাহা চাইছেন তাঁরা। অন্যদিকে, সর্বভারতীয় টেট বা সিটেট-এর আবেদন গ্রহণ সদ্যই শেষ হয়েছে। তাতে অনেক শিক্ষক আবেদন করেছেন বলে খবর।
  • Link to this news (বর্তমান)