• অবশেষে সারা রাজ্যেই বর্ষার প্রবেশ
    বর্তমান | ১৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার প্রায় গোটা রাজ্যেই বর্ষা ঢুকে পড়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বড়ো অংশ জুড়ে বর্ষা ছিল। এদিন উত্তরবঙ্গের বাকি অংশের সঙ্গে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র মৌসুমি বায়ু প্রবেশ করেছে। শুধু পুরুলিয়া জেলার ঝাড়খণ্ড লাগোয়া কিছু অংশে বর্ষার প্রবেশ এদিন হয়নি। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১০ জুন। 

    এবার অবশ্য দুদিন দেরি হল। তবে দক্ষিণবঙ্গে বর্ষা স্বাভাবিক ছন্দেই এসেছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কারণ স্বাভাবিক দিনের সাতদিন এদিক-ওদিক হলেও আবহাওয়া বিজ্ঞানের বিচারে সেটাকে স্বাভাবিক আগমন বলেই ধরা হয়। এদিন বিহারের আরো কিছু অংশের পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু জায়গায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার কোনো কোনো স্থানে আগামী কয়েকদিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জায়গাগুলির জন্য ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেওয়া হয়নি। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রমেঘ তৈরি হয়েছিল। কয়েকটি জেলার কিছু স্থানে বেশি মাত্রার ঝড়বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি (৮৫.৬ মিমি) হয়েছে হুগলির তারকেশ্বরে। পূর্ব মেদিনীপুরের দুর্গাচক ও মালদহে  ৬৬ মিমি বৃষ্টি হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়ায় ৬০ মিমি বেশি ও বর্ধমানে প্রায় ৬০ মিমি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের সৌজন্যে গরম কিছুটা কমেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩৪ ডিগ্রি) ও সর্বনিম্ন তাপমাত্রা (২৫ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে কমই ছিল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)