• অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি, হাজির ছিলেন মমতাও
    দৈনিক স্টেটসম্যান | ১৩ জুন ২০২৬
  • শনিবার ভোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পুলিশি হানা। ভোররাতেই রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বাহিনী সেখানে পৌঁছয়। দীর্ঘ সময়  সাড়া না পেয়ে পুলিশ শেষ পর্যন্ত তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং পুরো বাড়িতে তল্লাশি চালায়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন ছিলেন।

    স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় ৩টের কিছু পরে পুলিশ ও বাহিনী বাড়ির সামনে পৌঁছয়। এরপর বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া না মেলায় তল্লাশি অভিযান শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে পুলিশ বাড়ির ভিতরে থাকে। সকাল ৮টার কিছু পরে তাঁরা সেখানে থেকে বেরিয়ে যান। খবর পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়ও সেখানে যান এবং পুলিশ চলে যাওয়ার পর তিনিও সেখান থেকে চলে যান।

    বাড়ি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ তালা ভেঙে বাড়িতে ঢুকে সম্পূর্ণ তল্লাশি চালিয়েছে এবং গোটা ঘটনার রেকর্ড সংরক্ষিত রয়েছে। তবে কোন মামলার তদন্তে এই অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি। সূত্রের দাবি, শালবনি থানার পুলিশ এই অভিযানে নেতৃত্ব দেয় এবং মহিলা পুলিশ আধিকারিকেরাও হাজির ছিলেন।

    উল্লেখ্য, গত কয়েক দিন একাধিক মামলার তদন্তে অভিষেককে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। বিধানসভার সই জালিয়াতি মামলায় সম্প্রতি সিআইডি তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি তাঁর এক মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া সাইবার অভিযোগের তদন্তেও সিআইডি তাঁর বাড়িতে গিয়ে নোটিস দেয়।

    আগামী ১৪ ও ১৬ জুন তাঁকে পৃথক দুই তদন্তে হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়া ১৫ জুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছে। এই পরিস্থিতির মধ্যেই শনিবার পুলিশি তল্লাশি নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)