নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বন্দ স্পষ্ট। এবার তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর পদ খোয়ালেন মালা রায়। সেই পদে নিয়ে আসা হল আলিফা আহমেদকে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। বৃহস্পতিবার এই মর্মে নদীয়ার কালিগঞ্জের বিধায়ক আলিফাকে চিঠি দিয়েছেন রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ থেকেই মহিলা সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নিকট অতীতে মালা রায়কে মহিলা সভাপতির দায়িত্ব সঁপেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় জানিয়েছেন, তিনি গত ৮ জুন সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন।