• বাড়ির বাগান ঢেকেছিল ‘রহস্যজনক’ ধোঁয়ায়, পাঁচিল টপকে ঢুকে বিস্মিত পুলিশ! গ্রেপ্তার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
    বর্তমান | ১৩ জুন ২০২৬
  • বারাসত, ১৩ জুন: সরকারি নথি নষ্টের অভিযোগে গ্রেপ্তার হলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। গতকাল, শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রাতের অন্ধকারে তাঁর বাড়ির বাগানে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ নথি পোড়ানো হচ্ছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। 

    জানা গিয়েছে, গতকাল রাতে প্রবোধ সরকারের বাড়ি থেকে কাগজ পোড়ার তীব্র গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। ধোঁয়ার ঢেকে গিয়েছিল বাড়ির বাগান। যা নিয়ে সন্দেহ হয় এলাকাবাসীর মধ্যে। কয়েকজন বিষয়টি স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ যান রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে ছুটে আসে অশোকনগর থানার পুলিশ।

    অভিযোগ, দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকির পরেও সাড়া দেননি শোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান। এই পরিস্থিতিতে পুলিশ বাধ্য হয়ে পাঁচিল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে। সূত্রের দাবি, পরে প্রবোধবাবু ও তাঁর স্ত্রী বাইরে এসে পুলিশকে জানান যে, বাড়ির বাগানে কিছু নারকেল ও সুপারি গাছের শুকনো পাতা পোড়ানো হয়েছে।

    যদিও অভিযোগকারীদের বক্তব্য, পুরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাগানে পোড়ানো হচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে আগুন তখনও জ্বলছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু পোড়া ও আংশিক পোড়া নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করে বলেও জানা গিয়েছে।

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপর পুর চেয়ারম্যানকে আটক করে শুরু হয় পুলিশি জিজ্ঞাসাবাদ।

    পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত পুরপ্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)