• পরাণ ও শুভাশিসের যুগলবন্দি, স্টার জলসার 'সংসারের সংকীর্তন'
    বর্তমান | ১৩ জুন ২০২৬
  • ছোটো ও বড়ো পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন বহুবার। তবে এমন শ্বশুর-জামাইয়ের জুটিতে তাঁরা প্রথমবার। তাঁদের আপনারা দেখছেন স্টার জলসার পর্দায়। ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’-এর দুই প্রধান চরিত্র পরাণ বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায় সম্পর্কে যথাক্রমে পরস্পরের শ্বশুর ও জামাই। তাঁদের কলহ এই সিরিয়ালের ইউএসপি। ভারতলক্ষ্মী স্টুডিওর সাজঘরে বসে মুচকি হেসে পরাণ বললেন, ‘আসলে গল্প অনুযায়ী শুভাশিস ছিল আমার ছাত্র। আমার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলাম ওই ছাত্রটির সঙ্গে। সে অনেককাল আগেকার কথা।’ অন্য একটি সাজঘরে মধ্যাহ্নভোজ সারতে সারতে শুভাশিস শোনালেন এহেন কুটুম্বিতার কুটনৈতিক সমীকরণের সহজপাঠ। জানালেন, ‘বউ ঘনঘোর ঘটি, তাই বিয়ে করতে রাজি হয়েছিলাম।’ ধারাবাহিকে শুভাশিসের চরিত্রের নাম ‘বংশী’। অভিনেতার ভাষায়, ‘পুরোপুরি ঘটি। উত্তর কলকাতার সম্ভ্রান্ত ঘটি বনেদি বংশের ছেলে। বংশের অষ্টম পুরুষ। এদেশীয় সংস্কার আর আচার বিচার বংশীর মধ্যে প্রবলভাবে উপস্থিত।’ শুভাশিস মুখোপাধ্যায় নিজে ঘটি না বাঙাল? শেষ পাতে মিষ্টি দই খেতে খেতে গর্বিত কণ্ঠস্বরে বললেন, ‘এক্কেবারে আসল ঘটি। আমার জন্মস্থান উত্তর কলকাতার দর্জিপাড়া অঞ্চলের ছিদাম মুদি লেন। ওখানেই বড়ো হয়েছি। স্কটিশ চার্চ স্কুলের ছাত্র। সুতরাং আমি আষ্টেপৃষ্ঠে মোহনবাগানি।’ আর ধারাবাহিকের শ্বশুর পরাণ বন্দ্যোপাধ্যায়? প্রবীণ অভিনেতার বিশ্লেষণ, ‘আমার জন্ম অবিভক্ত ভারতের বেলেঘাটায় মামার বাড়িতে। আমি আমার মাকে হারাই, পাঁচ মাস বয়সে। আমার আসল বাপের বাড়ি যশোর। প্রথমে ওখানে, পরবর্তী কালে দমদমে বাবার পিসির মেয়ের কাছে আমি মানুষ হই। ফলে আমার শৈশব এখনকার ভাষায় পূর্ববঙ্গে। কৈশোর থেকে পুরোপুরি কলকাতায়। আমার জীবনের প্রাথমিক পর্বটা কেটেছে অবিভক্ত ভারত তথা বঙ্গে। তাই আমি না ঘটি, না বাঙাল। আমি অবশ্য মোহনবাগানি। তবে কট্টর নই। এ বঙ্গই হোক আর ও বঙ্গ, আদপে তো আমরা সবাই বাঙালি।’ এই মহৎ মানসিকতাটাই ধারাবাহিকে পরাণ অভিনীত চরিত্রটির চালচিত্র। কারণ, ঘটি বাড়ির নাতি জয়ন্ত (সব্যসাচী চৌধুরি) বিয়ে করে ঘরে তুলেছে বাঙাল বাড়ির মেয়ে শান্তিকে (মানালি মনীষা দে)। প্রাচীনপন্থী জামাই বংশীর বাঙাল-বিদ্বেষকে আধুনিক মনষ্ক শ্বশুর অনবদ্য যুক্তি ও সহানুভূতি দিয়ে কীভাবে ‘ম্যানেজ’ করে সেটি যেমন ধারাবাহিকের অন্যতম আগ্রহের বিষয়, তেমনই পরাণ-শুভাশিসের মতো সুদক্ষ কমেডিয়ান জুটির যুগলবন্দিও রাজীবকুমার বিশ্বাস পরিচালিত ‘সংসারের সংকীর্তন’-এর আকর্ষণীয় অংশ।
  • Link to this news (বর্তমান)