• ‘দুয়ারে সরকারের’ ধাঁচে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির, শুরু ১৫ জুন থেকে
    প্রতিদিন | ১৩ জুন ২০২৬
  • আমজনতার ‘দুয়ারে’ সরকারি পরিষেবা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগের সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচেই এবার ব্লক স্তরে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে বিজেপি সরকার। আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই মেগা ক্যাম্প।

    নবান্ন সূত্রের খবর, নতুন সরকারের এটাই হতে চলেছে প্রথম ‘জনসংযোগ’ বা আউটরিচ কর্মসূচি। যেখানে সাধারণ মানুষ গিয়ে সরকারের ৫৫ ধরনের পরিষেবা পাবেন। ফলে নতুন সরকারের নতুন প্রকল্প নিয়ে উৎসুক সাধারণ মানুষ। সবথেকে বেশি আগ্রহ অন্নপূর্ণা যোজনা নিয়ে। কারণ বহু মহিলার মাঝে মাঝেই সমস্যা হচ্ছে ফর্ম ফিলাপ এবং প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানার ক্ষেত্রে। সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। নবান্নসূত্রে খবর, তিন দিনের এই বিশেষ কর্মসূচিতে এক ছাতার তলায় মিলবে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা। রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারের চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করবেন আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষান যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরে। কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, সরাসরি ক্যাম্পে এসে অভিযোগ জানানো যাবে।

    রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রশাসনকে একেবারে সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই তিন দিনের ‘মেগা ড্রাইভ’। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতায় যেন কোনও যোগ্য মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন, তার জন্য জেলা প্রশাসনগুলোকে কোমর বেঁধে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)