‘এটাই উন্নতির পথ’, ভারতের বিশ্বকাপ-স্বপ্নপূরণে উজ়বেকিস্তান-জর্ডনকে টেনে পরামর্শ ভাইচুংয়ের
এই সময় | ১৩ জুন ২০২৬
ভারতীয় ফুটবল দলের (India National Football Team) প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) মনে করেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) অভিষেক হতে চলা উজ়বেকিস্তান (Uzbekistan) এবং জর্ডনের (Jordan) মতো দেশের থেকে ভারতের অনেক কিছু শেখার আছে। তাঁর মতে, এই দেশগুলোর উন্নয়ন দেখে ভারতীয় ফুটবলের অগ্রগতি দ্রুত করা সম্ভব।
উজ়বেকিস্তানের উন্নয়ন থেকে শেখার পরামর্শ
স্পোর্টস্টারকে (Sportstar) দেওয়া সাক্ষাৎকারে ভাইচুং ভুটিয়া বলেন, তাঁর খেলার সময় উজ়বেকিস্তানের (Uzbekistan) বিরুদ্ধে ভারতের ম্যাচগুলো বেশ সমানে সমানে হত। তিনি বলেন, ‘আমার সময় উজ়বেকিস্তানের বিরুদ্ধে ৬-১০টা ম্যাচ খেলেছি, যেখানে ভারত প্রায় ৫০ শতাংশ ম্যাচ জিতত। কিন্তু এখন ওরা পুরো ফুটবলের কাঠামোই বদলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওদের এক ফুটবলার এখন ম্যানচেস্টার সিটি-তে (Manchester City) খেলে। আর ফাবিও কানাভারো (Fabio Cannavaro) কোচ হিসেবে আছেন, যিনি ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছেন। ইতালি এ বার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, কিন্তু তিনি উজ়বেকিস্তানকে বিশ্বকাপে নিয়ে গিয়েছেন, এটাই ওদের উন্নতির বড় উদাহরণ’
এশিয়ার দেশগুলোকে অনুসরণ করার পরামর্শ
ভাইচুং ভুটিয়ার মতে, ভারতের শুধু ইউরোপের শক্তিশালী দল নয়, এশিয়ার দেশগুলোর উন্নয়ন দেখা উচিত। তিনি বলেন, ‘ভারতের শুধু ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল নয়, উজ়বেকিস্তান এবং জর্ডনের মতো দেশের উন্নয়নও দেখা দরকার। ওদের লিগ কী ভাবে চলছে, সেটাই বোঝা ও অনুসরণ করা উচিত।’
তিনি আরও জানান, এশিয়ার ৯টি দেশ বিশ্বকাপে জায়গা পাওয়ায় ভারতের সুযোগও অনেক বেড়েছে। তাঁর দাবি, ‘ফিফা দল সংখ্যা ৪৮ করেছে। এশিয়ার কোটা বেড়েছে। এখন ৮টি দল সরাসরি বিশ্বকাপে খেলতে পারে। আগে যেখানে ৪টি জায়গা ছিল, এখন তা দ্বিগুণ হয়েছে। তাই ভারতের সুযোগও অনেক বেড়েছে।’
২০২৬ বিশ্বকাপ নিয়ে মত
২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাইচুং ভাইচুং ভুটিয়া বলেন, এ বারের প্রতিযোগিতা খুবই কঠিন হতে চলেছে। সমানে সমানে পাল্লা দেবে দলগুলি। তাঁর মতে, ‘এই বিশ্বকাপে ৮-১০টি দল শিরোপা জিততে পারে। তাই কোনও দলকেই পরিষ্কার ফেভারিট বলা যাচ্ছে না।’