• ক্রীড়ামন্ত্রীর কাছে চাকরি চাইলেন সোনাজয়ী অ্যাথলিট তাহুরা খাতুন
    eTV Bharat | ১৩ জুন ২০২৬
  • কলকাতা, 12 জুন: বাংলার ক্রীড়াবিদদের আগামিদিনে পরিকাঠামো থেকে শুরু করে অর্থগত-কোনও সমস্যার মুখে আর পড়তে হবে না। সেই ব্যাপারে বর্তমান সরকার সর্বোতভাবে সাহায্য করবে। যোগ্য ক্রীড়াবিদদের খেলো ইন্ডিয়া স্কিমের অধীনে নিয়ে আসা হবে। যাতে ক্রীড়াবিদরা কোনওভাবে বঞ্চিত না-হয়।

    হংকংয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 4x400 মিটার রিলেতে ভারতের সোনাজয়ী দলের সদস্য তাহুরা খাতুন এখন শুধু ভাঙড়ের নয়, গোটা দেশের গর্ব। সোনা-সহ একাধিক পদক জয়ের জন্য তাহুরা খাতুনকে নবমহাকরণে নিজের দফতরে ডেকে সংবর্ধনা দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

    ভাঙড়ের কৃষক পরিবারের মেয়ে তাহুরা সাম্প্রতিক সময়ে বাংলার অ্যাথলেটিক্সের অন্যতম সেরা মুখ। জাতীয় প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে আর্ন্তজাতিক মঞ্চেও সাফল্য পেয়েছেন। এবার আর্ন্তজাতিক সাফল্যকেই পাখির চোখ করতে চান তাহুরা। ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে ভরসা রাখছেন বাংলার অ্যাথলিট ৷

    তাহুরা এক সাধারণ কৃষক পরিবারে। বাবা অন্যের জমিতে চাষের কাজ করেন। সংসারে অভাব তাঁর নিত্যসঙ্গী। ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় বুট, পোশাক বা সরঞ্জাম কেনার সামর্থ্যও ছিল না পরিবারের। কিন্তু দারিদ্র্য কোনওদিন তাঁর স্বপ্নকে আটকে রাখতে পারেনি। শৈশবে গ্রামের মাঠে ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েই তাহুরার জীবনের মোড় ঘুরে যায়। স্থানীয় শিক্ষক তাহুরাকে নিয়ে আসেন ভাঙড় স্পোর্টস অ্যাকাডেমিতে। সেই শুরু হয়েছে দৌড়... ৷

    তবে আপাতত পরিকাঠামোগত সাহায্যের পাশাপাশি রাজ্যের নতুন সরকারের কাছ থেকে তাঁর নুন্যতম চাহিদা স্ট্রাইপেন্ড। ক্রীড়ামন্ত্রীর কাছে একটি চাকরির আবেদন করেছেন তিনি। তাহুরার কথা শুনে তৎক্ষণাৎ খেলো ইন্ডিয়ার প্রজেক্টের সুবিধার যাতে পান তাঁর ব্যবস্থা করলেন ইন্দ্রনীল খাঁ ৷ মন্ত্রীর কথা, " ও শুধু খেলে যাক ৷ অন্যকোনও চিন্তা করার দরকার নেই ৷ খেলাতেই ফোকাস রাখুক ৷ বাংলা ও ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক ৷ ওর যা যা দরকার তা যন্ত সহকারে দেখব ৷" কৃতি ক্রীড়াবিদকে সম্মানিত করার দিনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ফের জানিয়েছেন, ক্রীড়াক্ষেত্রের যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিগত সরকারের আমলে অনাচার হয়েছিল বলেই রাজ্যের মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কালীঘাটে আবদ্ধ থাকার রায় দিয়েছেন।

    একইভাবে ডায়মন্ড হারবার এফসি পরিচালনায় কোনও অন্যায় হয়ে থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেওয়াত করা হবে না বলে আরও একবার জানালেন ক্রীড়ামন্ত্রী। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে জানানো হয়েছে এবং তিনি তা দেখছেন। আসন্ন বিশ্ব যোগা দিবসে ময়দানের সমস্ত ক্লাবগুলোকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে ক্রীড়াবিভাগের। সেইজন্য ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন চিকিৎসক ক্রীড়ামন্ত্রী ৷
  • Link to this news (eTV Bharat)