অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার একটি AN-32 জেট ভেঙে পড়ার খবর মিলেছে। শনিবার সকালে রৌরেয়া বিমানঘাঁটির কাছে অবতরণের সময়েই দুর্ঘটনার মুখে পড়ে ট্রান্সপোর্ট জেটটি। মাটিতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। ঘটনার পরে দ্রুত উদ্ধার ও তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করে দমকলও। প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, বিমানটি অপারেশনাল উড়ানের অংশ হিসেবে রৌরেয়া বিমানঘাঁটিতে যাচ্ছিল। ওই বায়ুসেনাঘাঁটিতে অবতরণের সময়েই দুর্ঘটনায় পড়ে ওই জেটটি। কেন এই দুর্ঘটনা? তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া, প্রযুক্তিগত ব্যর্থতা অথবা অন্য কোনও অপারেশনাল কারণ— সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
AN-32 বিমান মূলত সামরিক সরঞ্জাম এবং সেনা বহনের কাজে ব্যবহার করে বায়ুসেনা। দুর্গম এলাকায় সেনা ও রসদ পৌঁছে দেওয়া, দ্রুত মোতায়েন এবং উত্তর-পূর্বাঞ্চলের মতো কঠিন ভৌগোলিক অঞ্চলে যোগাযোগ রক্ষায় এই বিমানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ঘটনার পরে স্থানীয় প্রশাসন ও বায়ুসেনা যৌথভাবে এলাকা ঘিরে ফেলে। উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে। বিমানটির ফ্লাইট ডেটা ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে সরকারি বিবৃতি প্রকাশের পরই জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী পদক্ষেপ করা হবে। মাস কয়েক আগেই দু’জন বায়ুসেনার পাইলট অসমের কারবি আংলং জেলায় Sukhoi Su-30MKI বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।