• জমি দখল করে মিষ্টির দোকান! হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো অবৈধ নির্মাণ
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • এই সময়, ঘাটাল: রাজ্য সড়কের ধারে পূর্ত দপ্তরের জায়গা। তারই পাশে রায়ত জায়গা। সেই জায়গা দখল করে স্থানীয় এক ব্যক্তি দোকান নির্মাণ করে মিষ্টির ব্যবসা চালাচ্ছিলেন। দখল হটাতে হাইকোর্টের দ্বারস্থ হন রায়ত জায়গার মালিক। অবশেষে হাইকোর্টের নির্দেশে পুলিশ–প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে শুক্রবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল অবৈধ নির্মাণ।

    চন্দ্রকোণা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর এলাকার ঘটনা। এ দিন পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও, ভূমি দপ্তরের আধিকারিক ও চন্দ্রকোণা থানার পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ। জয়ন্তীপুরে ৪ নম্বর ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ধারে ৪৩৯ দাগে পূর্ত দপ্তরের রায়ত জায়গায় স্থানীয় বাসিন্দা রঞ্জন সিংহের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। সেখানে পাকা ঘর তৈরি করে মিষ্টির দোকান খুলেছিলেন রঞ্জন। সরকারি জায়গার পাশে থাকা রায়ত জায়গায় মালিক কৃষ্ণেন্দু বিকাশ দত্ত পেশায় ঘাটাল আদালতের আইনজীবী। তিনি কলকাতা হাইকোর্টে দখলদারির বিরুদ্ধে মামলা করেন। তার প্রেক্ষিতে ভেঙে ফেলা হলো অবৈধ নির্মাণ।

    জানা গিয়েছে, গত বছর ১ অগস্ট অবৈধ নির্মাণ ভেঙে তাঁর জায়গা ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন জায়গার মালিক। গ ৪ ডিসেম্বর হাইকোর্ট স্থানীয় প্রশাসনকে তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। আদালত অবমাননার অভিযোগ তুলে পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হন কৃষ্ণেন্দু। এর পরেই গত ২৭ মে হাইকোর্ট ৮ জুনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। যদিও প্রশাসন ভাঙার আগেই নিজে থেকে বাড়ি ভেঙে ফেলার উদ্যোগ নেন রঞ্জন। এ দিন পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

  • Link to this news (এই সময়)