• হন্যে হয়ে খুঁজছে পুলিশ, প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার হতেই অভিষেকের পিএ সুমিতের কীর্তি ফাঁস!
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • রাজু সিং, ঝাড়গ্রাম: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক বা পিএ সুমিত রায়কে হন্যে হয়ে খুঁজছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ৷ সুমিত রায়কে গ্রেফতার করার জন্য ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটকে সতর্ক করা হয়েছে৷ মোবাইলের টাওয়ার লোকেশন অথবা অন্য কোনও সূত্রে সুমিত রায়ের গতিবিধি সম্পর্কে তথ্য পেলেই তা তাদের জানানোর জন্য অনুরোধ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ৷

    কিছুদিন আগেই মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে খড়্গপুর স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ৷ মূলত জমি কেলেঙ্কারির অভিযোগেই গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক৷

    অভিযোগ, প্রায় ৭০ একর (আনুমানিক ২০০ বিঘা) সরকারি জমি ভুয়ো দলিল, রেকর্ড বানিয়ে অবৈধভাবে বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক৷ মেদিনীপুর থেকে গড়বেতা যাওয়ার রাস্তার পাশে শালবনি এলাকায় এই বিরাট পরিমাণ সরকারি জমি ভুয়ো দলিল কাগজপত্র বানিয়ে বিক্রি করা হয় বলে অভিযোগ।সুজয় হাজরার পাশাপাশি আরও এক সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তাঁর আত্মীয়দের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে৷

    পুলিশ সূত্রের খবর, ২০১৯ সালের শুরুর দিক থেকে সরকারি জমি বিক্রির এই অবৈধ কারবার শুরু হয়। করোনা অতিমারির সময় এই জমি দুর্নীতির কাজকারবার চরম আকার নিয়েছিল বলে সুত্রের খবর। সেই সময় বিঘার পর বিঘা সরকারি জমি খাতায় কলমে চরিত্র বদলে জাল দলিল ও রেকর্ড বানিয়ে অবৈধভাবে বিক্রির অভিযোগ সামনে এসেছে।

    তদন্তে নেমে প্রথমে সুজয়কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার পরই শালবনি থানার পুলিশ শুক্রবার গভীর রাতে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় বলে সূত্রের খবর৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজেই সেখানে হানা দেয় পুলিশ৷ সূত্রের খবর, প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরাতেই সুমিত রায়ের নাম উঠে আসে৷

    শুক্রবার রাত দুটো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় শালবনি থানার পুলিশ। শালবনীতে জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সুজয় হাজরার বিরুদ্ধে ৯টি ধারায় মামলা রুজু হয়েছে। এ দিন সকালে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যায় শালবনি থানার পুলিশ৷ যদিও এখনও অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজ মেলেনি৷
  • Link to this news (News18 বাংলা)