• 'পাপ, বাপকেও...অভিষেকের ভবিষ্যৎ শ্রীঘরে', মালদহে মুখ্যমন্ত্রীর বৈঠকে এসে বিস্ফোরক দাবি হুমায়ুনের
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মালদহ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চার জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন শাসকদল ও তাদের নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর। একইসঙ্গে তিনি মুর্শিদাবাদের বিভিন্ন উন্নয়নমূলক দাবি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার কথাও জানান। শুক্রবারের এই বৈঠকে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

    বৈঠকে যোগ দিতে এসে হুমায়ুন বলেন, মুর্শিদাবাদ দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। ২০০৭ সালে রেজিনগরের জাতীয় সড়ক সংলগ্ন ১৮৩ একর জমিতে শিল্পতালুক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে সেই প্রকল্প আর এগোয়নি। তাঁর দাবি, ২০১১ সালের পর থেকে জেলার বহু উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। তাই নতুন সরকারের প্রশাসনিক বৈঠকে এসে তিনি রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ এবং কর্মসংস্থান-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।

    রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন নওদার বিধায়ক। তিনি বলেন, “আমাকে সাসপেন্ড করার পরই বলেছিলাম, ২০২৬ সালে এই সরকার আর ফিরবে না। দুর্নীতির ফল এখন তারা পাচ্ছে। মানুষের পরিবর্তন দরকার ছিল এবং সেই পরিবর্তন হয়েছে।”

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও সিআইডি তল্লাশি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, “এন‌আইএ আগে থেকেই দায়িত্বভার নিয়েছিল। তদন্ত চলছে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই শ্রীঘরে যাবে। পাপ বাপকে ছাড়ে না। যে পাপ করবে তাকে ভুগতে হবে।” এদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এসে হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)