• জুট মিলে ডিউটি করতে এসে উধাও প্রবীণ কর্মী, কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • জুট মিলে কাজে এসে রহস্যজনকভাবে নিখোঁজ মিলের শ্রমিক, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।  গত প্রায় আট মাস স্বাভাবিক কাজ বন্ধ বালি মহাদেব জুট মিলে। কিন্তু মিল পরিচর্যার কাজ বজায় রয়েছে। সেই কাজে এসে নিখোঁজ মিলের অবসরপ্রাপ্ত ওয়েল্ডিং কর্মী প্রবীর ভট্টাচার্য। জানা যায়, মিল কর্তৃপক্ষের ফোন যায় অবসরপ্রাপ্ত ওই কর্মীর বাড়িতে।

    কর্তৃপক্ষের একপ্রকার জোরপূর্বক আচরণে অসুস্থ শরীর নিয়েই কাজে আসতে বাধ্য হয়েছিলেন মিলের কর্মী প্রবীর ভট্টাচার্য, এমনটাই অভিযোগ পরিবারের। এদিন সকাল ছ’টা নাগাদ প্রবীর বাবুর ছেলে মিলগেট পর্যন্ত পৌঁছে দেন। এরপর অন্যান্য দিনের মত দুপুর ২ টা নাগাদ বাড়ি নিয়ে যেতে আসেন। মিলের সামনে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। মিল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেও কোনও উত্তর পাওয়া যায়নি।

    সেই সময় মিলের ভিতরে প্রবেশ করতেও বাধা দেওয়া হয় পরিবার সদস্যদের, এমনটাই অভিযোগ। এরপর মিলের অন্যান্য কর্মীরা একত্রিত হয়ে মিল গেটের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান। তারপর মিলের ভিতর প্রবেশ করে খোঁজ করার সুযোগ পায়। কিন্তু বহু চেষ্টা করেও কোথাও খোঁজ মেলেনি।  খবর দেওয়া হয় বালি থানায়। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ মিল শ্রমিকদের।

    এমনও অভিযোগ উঠে আসে,  অবসরের পর তাদের প্রাপ্য টাকা হাতে পায়নি বহু শ্রমিক। একই সঙ্গে ওঠে মিলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। অবসরপ্রাপ্ত কর্মীদের জোর করে কাজে আসতে বাধ্য করা হয়, বলেও জানান তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, সন্ধ্যার পরও নিখোঁজ শ্রমিক। স্বাভাবিক কাজ বন্ধ জুট মিলে, কাজ করতে এসে শ্রমিকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (News18 বাংলা)