ইটভাটার জলাশয় থেকে মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য হাসনাবাদে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার পার ভবানীপুর এলাকায় একটি ইটভাটার জলাশয় থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম লঘুমারি আড়ি (৫২) বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন ইটভাটার জলাশয়ের কাদার মধ্যে একটি দেহ আটকে থাকতে দেখে এলাকার বাসিন্দারা প্রথমে সন্দেহ করেন। পরে কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, লঘুমারি আড়ি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সেই কারণে তার নিরাপত্তার কথা ভেবে পরিবারের লোকজন তাকে বাড়িতেই রাখতেন। কিন্তু আগের দিন গভীর রাতে কোনওভাবে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি।
এদিন জলাশয় থেকে তার দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষ। মৃতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্থানীয়দের একাংশের মতে, জলাশয়ের কাদায় আটকে গিয়েই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা নাকি ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, সেই সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে হাসনাবাদ থানার পুলিশ।