• ভয়ঙ্কর যানজট থেকে মুক্তি শুধু সময়ের অপেক্ষা, ছ'মাস পরেই খুলবে ভাগ্য! জোড়া উপহার রেলের
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে শ্যামনগরে নেওয়া হল বড় উদ্যোগ। ঘোষপাড়া রোডের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে সংযোগকারী গুরুত্বপূর্ণ শ্যামনগর ফিডার রোডের ২৩ নম্বর রেলগেটের জায়গায় তৈরি হতে চলেছে উড়ালপুল। ইতিমধ্যেই প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছে রেল প্রশাসনের আধিকারিকরা।

    শ্যামনগর ফিডার রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। ঘোষপাড়া রোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং উল্টো দিকের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি। কিন্তু ২৩ নম্বর রেলগেটে ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়। এর ফলে নিত্যদিন চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, ২৩ নম্বর রেলগেটের জায়গায় একটি উড়ালপুল নির্মাণ করা হোক।

    সেই দাবি মেনে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং রেল প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপরই রেল প্রশাসনের পক্ষ থেকে শ্যামনগর এলাকায় পরিদর্শন করা হয়। এই পরিদর্শনে গারুলিয়া পৌরসভা এবং রাজ্য সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে গারুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর পারিষদ সদস্য গৌতম বসু জানান, রেলের পক্ষ থেকে শ্যামনগরের ২৩ নম্বর রেলগেটের জন্য একটি উড়ালপুল বরাদ্দ করা হয়েছে।

    পাশাপাশি ২০ নম্বর রেলগেটের জায়গাতেও একটি উড়ালপুল তৈরি ও ১৮ নম্বর ওয়ার্ড ব্যারাকপুর ও ন’পাড়া বিধানসভা জংশনেও একটি আরওবি(রেল ওভার ব্রিজ) অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রেল প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী ছয় মাসের মধ্যে উড়ালপুল নির্মাণের কাজ শুরু হবে। উড়ালপুল তৈরি হলে শ্যামনগর ফিডার রোডের যানজট অনেকটাই কমবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (News18 বাংলা)