• কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ চার জেলায় প্রবল বৃষ্টি আসছে, সঙ্গে ৪০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাত
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের চার জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা।

    দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

    বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সর্বত্র। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে আগামী সাতদিন। অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গল ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। আজ, শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে।

    দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে। এর মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। দু-এক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। বর্ষার বৃষ্টি শুরু হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। আজ, শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আবার কোথাও ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।
  • Link to this news (News18 বাংলা)