• ছুটির দিনে দাউদাউ করে আগুন সরকারি অফিসে, পুড়ে খাক কম্পিউটার, স্ক্যানার, নথি
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • ফের একবার রাজ্যের একটি সরকারি অফিসে আগুন লাগার ঘটনা ঘটলো।  শনিবার ছুটির দিনের সকালে মুর্শিদাবাদের সুতি-২ নম্বর ব্লকের রেজিস্ট্রি অফিসে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি। তবে বিধ্বংসী আগুন রেজিস্ট্রি ভবনটি গ্রাস করার আগে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত সম্প্রতি, কলকাতার দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের অফিস সংলগ্ন জেলা পরিষদ অফিসের বেশ কয়েকটি তলায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে।

    এই আগুন লাগার ঘটনায় ওই অফিসে থাকা বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এর পাশাপাশি ওই জেলা পরিষদে অবস্থিত জাহাঙ্গীর শেখের মত আরও একাধিক পদাধিকারীর অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথিও পুড়ে গিয়েছে। অনেকেরই অনুমান, তৃণমূল জামানায় হওয়ার বিভিন্ন দুর্নীতির নথি লোপাট করার জন্য ইচ্ছাকৃতভাবে জেলা পরিষদের অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে আগুন লাগার ঘটনার রেশ কাটার আগেই ফের একবার মুর্শিদাবাদ জেলায় আরও একটি সরকারি ভবনে আগুন লাগায় শোরগোল পড়ে গিয়েছে সরকারি মহলে। প্রশাসনের শীর্ষ স্তর থেকে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    তবে দমকল দফতরেে আধিকারিকদের প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিটের কারণে অফিসের কোনও বৈদ্যুতিন যন্ত্রাংশ থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। সাত সকালে বন্ধ থাকা সরকারি অফিসে আগুন লাগার ঘটনায় ওই অফিসের মধ্যে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি সহ বেশ কয়েকটি কম্পিউটার, স্ক্যানার মেশিন পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পর দমকলের এক আধিকারিক জানান,” প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি অফিসের মধ্যে থাকা ক্যাশ কাউন্টারের কাছ থেকেই প্রথম আগুন ছড়িয়ে পড়ে।

    এরপর সেই আগুন আশেপাশের বেশ কিছুটা অংশ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সরকারি অফিসের ভিতরে থাকা স্ক্যানার মেশিন, বায়োমেট্রিক যন্ত্র এবং ক্যাশ কাউন্টারের বড়সড় ক্ষতি হয়েছে। দমকল সূত্রে আরও জানা গিয়েছে, আগুন লাগার ঘটনায় ওই অফিসের মধ্যে থাকা বেশ কিছু সরকারি নথিও সম্পূর্ণ পড়ে গিয়েছে । শৈলেশ দাস নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, শনিবার ছুটির দিন থাকায়। সরকারি অফিসটি বন্ধ ছিল। কিন্তু তারই মধ্যে আমরা বন্ধ অফিসের ভেতর থেকে ধোঁয়া বার হতে দেখি। এর পরেই দমকলে খবর দেওয়া হয়। তারা এসে অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভান। দমকল সূত্রে বলা হয়েছে, আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ফরেনসিক তদন্তের প্রয়োজন রয়েছে।
  • Link to this news (News18 বাংলা)