• ২-৩০ টাকা, জলের দরে বিকোচ্ছে মালদহের বিখ্যাত লক্ষ্মণভোগ, হিমসাগর, ল্যাংড়া...! কোথায় পাবেন জানুন
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • : লক্ষ্মণভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি মালদহের বিখ্যাত সব সুস্বাদু আম মিলছে মাত্র ২ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব চিত্র মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতি বাজারের। আমের মরশুমে এই বাজার এখন ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে জমজমাট, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ীরাও ভিড় করছেন সস্তায় আম কিনতে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন বাগান থেকে আম সংগ্রহ করে চাষি ও ব্যবসায়ীরা এই বাজারে নিয়ে আসছেন। ফলে সরাসরি উৎপাদকদের কাছ থেকে আম পাওয়ায় দাম তুলনামূলক অনেকটাই কম। বাজারে ২ টাকা কেজি দরে লক্ষ্মণভোগ, ১০ থেকে ৩০ টাকার মধ্যে হিমসাগর, ল্যাংড়া ও অন্যান্য জাতের আম বিক্রি হচ্ছে। আম ব্যবসায়ী অজিত মণ্ডল জানান, “অমৃতি বাজারে খুব কম দামে ভাল মানের আম পাওয়া যায়। এখান থেকে আম কিনে শহরের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। ২ টাকা কেজি দরে লক্ষ্মণভোগ আমও কিনেছি। অন্য বাজারে এর দাম অনেক বেশি।”

    এক ক্রেতা উজ্জ্বল পাণ্ডের কথায়, “জেলার মধ্যে সম্ভবত এটাই সবচেয়ে সস্তার আমের বাজার। পকেটে মাত্র কয়েক টাকা থাকলেও এখান থেকে একাধিক কেজি আম কেনা সম্ভব। তাই প্রতিদিনই প্রচুর মানুষ এখানে আসেন।” এক বিক্রেতা ধনোয়া রবিদাস বলেন, “এবার আমের ফলন খুব ভাল হয়েছে। অনেকেই নিজেদের বাগানের আম নিয়ে এসে বিক্রি করছেন। সরবরাহ বেশি থাকায় দামও অনেক কমে গেছে। বেশি পরিমাণে কিনলে আরও কম দামে আম পাওয়া যায়।”

    উল্লেখ্য, মালদহ জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। প্রতিবছরের মতো এবারও ভাল ফলন হওয়ায় বাজারে আমের জোগান বেড়েছে। ফলে জেলার অন্যান্য বাজারের তুলনায় অমৃতি বাজারে অনেক কম দামে আম বিক্রি হচ্ছে। আর সেই সুযোগই কাজে লাগাচ্ছেন সাধারণ ক্রেতা থেকে ছোট-বড় ব্যবসায়ীরা। আমের এই সস্তার বাজার এখন মালদহের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)