নোয়াপাড়ায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! কী ‘দোষ’ করেছিলেন বাইক চালক? ঘটনায় গ্রেফতার ৪
News18 বাংলা | ১৩ জুন ২০২৬
নোয়াপাড়ায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ৷ দ্রুত গতিতে বাইক নিয়ে যেতে গিয়েই বিপত্তি৷ জানা গিয়েছে, বাইক নিয়ে ইন্দিরা নগর নোয়াপাড়া মেট্রো স্টেশন সামনে বাড়ির ভেতর ঢুকে পড়ে যুবক৷ এরপরেই যুবককে গণপ্রহার দেয় এলাকার লোকজন৷ অভিযোগ প্রহারের জেরেই মৃত্যু হয়েছে যুবকের৷ ঘটনায় ৪ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ৷
ঘটনাটি ঘটেছে, বরানগর ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াপাড়া এলাকায়৷ গতকাল, শুক্রবার রাত ১১.৩০ নাগাদ অতনু কর্মকার (মৃত যুবক) গতিতে বাইক নিয়ে যাচ্ছিল৷ অভিযোগ, এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ইন্দিরা নগর নোয়াপাড়া মেট্রো স্টেশন সামনে বাইক নিয়ে বাড়ির ভেতর ঢুকে যায় অতনু কর্মকার৷ এতেই গণ্ডগোলের সূত্রপাত৷ এরপর তারপর এলাকার কয়েকজন যুবক বাইক চালক যুবককে গনপ্রহার দেয় বলে অভিযোগ৷ এমনকী পাথর দিয়ে যুবকে মারা হয় বলেও অভিযোগ৷
ঘটনায় প্রহারের জেরে অসুস্থ যুবককে বরানগর হাসপাতালে নিয়ে গেলে বাইক চালক যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। আর এই ঘটনায় অভিযুক্তদের নামে বরানগর থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন৷ অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করলো বরানগর থানার পুলিশ। দোষীদের শাস্তির দাবিতে বরানগর থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর৷
প্রসঙ্গত, ক’দিন আগেই বাস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে নদিয়ার শান্তিপুরে৷ নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বাসস্ট্যান্ডে এক বাস কর্মচারীকে বেধড়ক মারধর করে মেরে ফেলার অভিযোগ ওঠে৷ জানা যায়, গত ৯ জুন নৃসিংহপুরের বাসিন্দা পেশায় বাস কর্মী চিরঞ্জিত বিশ্বাসকে গাড়িতে প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ডের টোটো চালকদের সঙ্গে বচসা হয়। অভিযোগ, কালনা নৃসিংহপুর ফেরিঘাটের নৌকা থেকে যাত্রীরা নামলে পরে টোটো চালকরা হাক দিয়ে কিংবা একপ্রকার হাত ধরে টেনে যাত্রীদের টোটোতে বসিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। চিরঞ্জিত বিশ্বাস-এর প্রতিবাদ করার জন্যেই এরপর এলাকারই দুই টোটো চালক চিরঞ্জিতকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর চিরঞ্জিত অচৈতন্য অবস্থায় পরে থাকে এবং চিরঞ্জিতের পরিবারের লোক তাঁকে রাতে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিরঞ্জিত বিশ্বাসের।