মেসি-কাণ্ড: ফের অরূপকে নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা
আজকাল | ১৩ জুন ২০২৬
বিউ সরকার
যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি-কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের নোটিস দিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে তিন বার নোটিস জারি করল পুলিশ। আগের দু’বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, অসুস্থতার কথা বললেও সেই সংক্রান্ত কোনও নথি তিনি জমা দেননি।
মেসি-কাণ্ডে গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। গত সোমবার আদালত তাঁকে কিছুটা স্বস্তি দেয়। আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, অনুমতি ছাড়া পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তবে তাঁকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। যদি তিনি অসহযোগিতা করেন, তবে পুলিশ তৎক্ষণাৎ তা আদালতকে জানাবে। অরূপকে নিম্ন আদালতে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে।
আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে অরূপকে। ভরা এজলাসে কড়া ভাষায় বিচারপতি প্রশ্ন তোলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন! মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? তিনি আরও জানতে চান, অরূপ বিশ্বাস এসব কীভাবে করতে পারলেন? মেসির মতো একজন আন্তর্জাতিক তারকার অত কাছাকাছি তিনি গেলেন কেন, তাতে কি মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? বিচারপতির পর্যবেক্ষণ, গোটা দেশের আরও অনেক জায়গায় মেসি গিয়েছেন, কিন্তু কোথাও তো এই ধরনের নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনা ঘটেনি।
গত ১৭ মে মেসির গোট ইন্ডিয়া ট্যুরের মূল আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই এফআইআর-এর ভিত্তিতেই গত ৪ জুন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরার নির্দেশ দেয় পুলিশ। তবে সেই সময় প্রাক্তন মন্ত্রী অসুস্থতার কারণ দেখিয়ে কিছুটা সময় চেয়ে নেন। পুলিশের দাবি, তিনি অসুস্থতার স্বপক্ষে কোনও মেডিক্যাল নথি বা রিপোর্ট জমা দেননি। এরপর ৮ জুন সকাল ১১টার মধ্যে তাঁকে পুনরায় বিধাননগর দক্ষিণ থানায় হাজির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্ধারিত সময়েও অরূপ হাজিরা দেননি। বর্তমানে তিনি ‘নিখোঁজ’ বলেই জানিয়েছে পুলিশ। এই তৃতীয়বার তাঁকে সমন পাঠালো পুলিশ।