বিউ সরকার: পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের প্রশাসনিক কাজের খুঁটিনাটি শেখাতে সল্টলেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (ATI)-এ আয়োজন করা হল বিশেষ প্রশিক্ষণ শিবিরের। এবারের মন্ত্রিসভার বেশিরভাগই নতুন মুখ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাপস রায় ছাড়া আর কারোই পূর্বে মন্ত্রিত্ব সামলানোর অভিজ্ঞতা নেই। এই পরিস্থিতি সামাল দিতেই মূলত এই হাতে-কলমে শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলা এই প্রশিক্ষণ পর্বে ফাইলের নোট দেওয়া থেকে শুরু করে ফাইল ‘ক্যারি ফরওয়ার্ড’ করার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রোটোকলগুলো শেখানো হয়। এই প্রশিক্ষণে মুখ্যসচিব মনোজ আগরওয়াল, ডিজি সিদ্ধি নাথ গুপ্তা সহ বিভিন্ন দপ্তরের সচিবরা উপস্থিত থেকে মন্ত্রীদের ক্লাস নেন।
প্রশিক্ষণ শিবিরের শেষ পর্যায়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরকারের কাজের দৃষ্টিভঙ্গি মন্ত্রীদের সামনে তুলে ধরে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ—কোনওভাবেই টেবিলে ফাইল ফেলে রাখা চলবে না। কাজ আসার সঙ্গে সঙ্গেই তা দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। কোনও ফাইলে সমস্যা থাকলে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। তবে কোনও বিষয়ে জটিলতা বা জিজ্ঞাস্য থাকলে মন্ত্রীদের সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করার সুযোগ রাখা হয়েছে।
প্রসঙ্গত, অতীতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘ডু ইট নাও’ বা ১৫ বছরের মমতা ব্যানার্জির সরকারের ‘সময়মতো কাজ শেষ করুন’ স্লোগানগুলোর মতোই বর্তমান সরকারের মূল লক্ষ্য হল প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা এবং ফাইল জট মুক্ত দ্রুত পরিষেবা নিশ্চিত করা।