• শুরু হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের জনকল্যাণ শিবির, একাধিক পরিষেবা মিলবে
    দৈনিক স্টেটসম্যান | ১৩ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর একাধিক প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে বিজেপি সরকার। আগের সরকারের কোনও প্রকল্প বন্ধ হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে। মহিলারা বিনামূল্যে সরকারি বাসে সফর করতে পারছেন। মাসিক ৩ হাজার টাকা পেতে শুরু করেছেন মহিলারা অন্নপূ্র্ণা যোজনায়। বহু মহিলা এখনও এই ফর্ম পূরণ করেননি। এই জনকল্যাণ শিবিরে গেলে তা সহজেই হয়ে যাবে। তার উপর এখন আয়ুষ্মান ভারত রাজ্যে চালু হয়ে গিয়েছে।

    এই প্রকল্প পেতে জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। নথিপত্র জমা দিতে হবে। তার উপর আরও কিছু প্রকল্পের সন্ধান মিলতে পারে। তাই এই জনকল্যাণ শিবিরে যেতেই হবে। গত সরকারের জমানায় দুয়ারে সরকারের মাধ্যমে প্রকল্প পেতেন মানুষজন। সেটাই এবার জনকল্যাণ শিবির হিসাবে সামনে আসছে। আমজনতাকে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। এবার ব্লক স্তরে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে বিজেপি সরকার। আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রত্যেকটি ব্লকে বসবে এই মেগা ক্যাম্প।

    রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছেন, সর্বস্তরের মানুষের জন্য প্রকল্প থাকছে। মানুষ এবার ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাবেন। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ কদিন আগেই জানিয়েছিলেন, খুব শীঘ্রই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে। সুতরাং জনকল্যাণ শিবিরে এইসব প্রকল্পের সুবিধা পেতে মানুষজন ভিড় করবেন। তিনদিনের এই কর্মসূচিতে একছাতার তলায় মিলবে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা। কেন্দ্র-রাজ্য সরকারের চলমান প্রকল্পগুলির ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করবেন সরকারি আধিকারিকরা।

    তাছাড়া মানুষের কথা শুনতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু করেছেন জনতার দরবার। প্রশাসনিক বৈঠকগুলিতে বিরোধীদের ডাকা হচ্ছে। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে জনকল্যাণ শিবির। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষান যোজনা এবং বার্ধক্য ভাতা সবই এই জনকল্যাণ শিবির থেকে মিলবে। কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা কোনও কাজ আটকে থাকলে সেটারও সমাধান হবে এই জনকল্যাণ শিবিরে। এই তিন দিনের ‘মেগা ড্রাইভ’ থেকে সব মানুষের কাছে প্রকল্প পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার। এখন দেখার বিষয়, মানুষের সাড়া কেমন মেলে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)