আন্তজার্তিক যোগ দিবস উপলক্ষে হাওড়া ব্রিজে বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ
দৈনিক স্টেটসম্যান | ১৩ জুন ২০২৬
কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের হাত ধরে এবার ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। আগামী ১৫ জুন, সোমবার যোগা সঙ্গম ডে উপলক্ষে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কোচবিহার, সুন্দরবন এবং মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী জায়গাগুলিতে শিক্ষক, স্কুল পড়ুয়া ও নোডাল অফিসারদের উপস্থিতিতে যোগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গঙ্গা যোগা করিডর থিমে হাওড়া ব্রিজের উপরে বিশেষ যোগাসন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেতুর একপাশে ফুটপাতে এই অনুষ্ঠানে অংশ নেবেন একাধিক মানুষ। অনুষ্ঠান চলাকালীন সেতুর উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করবে। তারাও এই কর্মসূচির সাক্ষী থাকবেন বলে জানা গিয়েছে।
এই অনুষ্ঠানকে সফলভাবে কার্যকর করতে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থাকে নবান্নের তরফে যুক্ত করা হয়েছে। সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার জেলাশাসক-সহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকেরা হাওড়া ব্রিজ পরিদর্শন করেন।
গত ৯ জুন, মঙ্গলবার বিকেলে নবান্ন সভাঘরে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তজার্তিক যোগ দিবসে কলকাতায় কীভাবে এই শিবিরের আয়োজন করা হবে? কোন কোন জায়গায় মূল অনুষ্ঠানগুলি হবে? সেসব জায়গায় কীভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে? সেইসব বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, অনেক শীর্ষ আমলাদের মুখ্যমন্ত্রীর এই পর্যালোচনা বৈঠকে তলব করা হয়েছিল। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ প্রধান সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সেই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার ব্লু-প্রিন্ট তৈরি করার জন্যই তাঁরা বৈঠকে উপস্থিত ছিলেন। আপাতত সোমবার আন্তজার্তিক যোগ দিবস উপলক্ষে হাওড়া ব্রিজে আয়োজিত এই বিশেষ কর্মসূচির দিকেই নজর রয়েছে সকলের।