যোরহাটে বিমান দুর্ঘটনায় ৫ মৃত্যু, অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ বায়ুসেনার, বারবার দুর্ঘটনায় প্রশ্ন
প্রতিদিন | ১৩ জুন ২০২৬
যোরহাটে বায়ুসেনার বিমান AN-32 দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু। প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট। মৃতদের মধ্যে সেনা জওয়ানও থাকতে পারেন বলে খবর। বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে পাঁচ মৃত্যুর খবর জানানো হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত বলে খবর। বায়ুসেনার তরফে কোর্ট অফ এনকোয়ারি অর্থাৎ অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় শহিদদের মধ্যে দু’জন অগ্নিবীরও রয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জীতেন্দ্র শর্মা। এবং দুই অগ্নিবীর খেমরাম কুমাওয়াত ও দানিশ আলম।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যোরহাট এয়ারবেসে বায়ুসেনার AN-32 বিমানটি নামার পরই সেটিতে আগুন লেগে যায়। নিমেষে বিমানটি কার্যত দু’টুকরো হয়ে যায়। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, অবতরণের সময় বিমানের টায়ার ফেটে যায়। ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে আগুন ধরে যায়। তবে বায়ুসেনা এখনও সরকারিভাবে দুর্ঘটনার কারণ জানায়নি। অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
যোরহাটের এই বায়ুসেনাঘাঁটি উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। অসম এবং উত্তরপূর্বে সামরিক কার্যকলাপে এই বন্দরের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাস কয়েক আগেই অসমের একোপি পাহাড়ি এলাকায় মহড়ার সময় ভেঙে পড়েছিল বায়ুসেনা সুখোই ৩০ এমকেআই বিমান। সেটিও যোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে উড়েছিল। প্রশ্ন রয়েছে, AN-32 বিমান নিয়েও। এটি একটি পণ্য পরিবাহী বিমান। ভারতীয় বায়ুসেনার পণ্য পরিবহণের অন্যতম মাধ্যম ওই রুশ প্রযুক্তিতে তৈরি টুইন-ইঞ্জিন বিমানটি।
ভারতীয় বায়ুসেনার হাতে এখন শ’খানেক AN-32 পণ্যবাহী বিমান রয়েছে। ১৯৮৬ সাল থেকে ২২টি এএন-৩২ দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরেও দুর্ঘটনাগ্রস্ত হয় একটি এএন-৩২ বিমান। ফলে ওই বিমানের ইঞ্জিন নিয়েও প্রশ্ন রয়েছে। একদিন আগেই ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি। এক বছর আগের বিভীষিকার স্মৃতি এখনও অমলিন ভুক্তভোগীদের মনে। সেই দুর্ঘটনার তদন্ত এখনও সম্পন্ন হয়নি। প্রাথমিক রিপোর্টে পাইলটদের দোষী বলে ইঙ্গিত করা হলেও পাইলটদের সংগঠন তা মানতে রাজি নয়। এমনকী দুর্ঘটনার দরুন যে ক্ষতিপূরণ পাওয়ার কথা যাত্রীদের পরিবারগুলির, সেটাও এখনও সকলে পাননি। ওই ঘটনার পরও দেশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। যার অনেকগুলিরই কারণ এখনও জানা যায়নি। এবার বায়ুসেনার বিমান দুর্ঘটনার কবলে।