• সুযোগ নষ্ট করেছে তৃণমূল! অর্থ-পরিকল্পনা-প্রযুক্তির মিশেলে ‘নববঙ্গ’ গড়ার প্রতিশ্রুতি শমীকের
    প্রতিদিন | ১৩ জুন ২০২৬
  • তৃণমূলের উদাসীনতায় পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে গিয়েছিল। তারা উন্নয়নের একাধিক সুযোগ নষ্ট করেছে। কেন্দ্রের কোনও উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। এর ফলে দ্রুত গড়ে ওঠা একাধিক জনপদ অপরিকল্পিত নগরায়নের সমস্যায় ভুগছে রাজ্য। আধুনিকতার লেশমাত্র নেই এই সব এলাকায়। এর জন্য তৃণমূলকে দায়ী করে শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যের মানুষ রাজনীতি চায় না, উন্নয়ন চায়। তাই আধুনিক নগর ব্যবস্থা কার্যকর করতে অর্থ, পরিকল্পনা ও প্রযুক্তির সাহায্যে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে ডবল ইঞ্জিন সরকার।

    বিজেপি নেতা সোশাল মিডিয়া লেখেন, “পশ্চিমবঙ্গে উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে তৃণমূল সরকারের উদাসীনতায়। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের ৭৮০টি ‘সেনসাস টাউন’কে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ করে দিতে চেয়েছিল। এতে উন্নত রাস্তা, নিকাশি, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইটের মতো পরিষেবা আরও শক্তিশালী করা যেত কেন্দ্রীয় আর্থিক সহায়তার মাধ্যমে। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ফলে দ্রুত বেড়ে ওঠা বহু জনপদ আজও অপরিকল্পিত নগরায়নের সমস্যায় ভুগছে এবং উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”

    তাঁর প্রতিশ্রুতি, ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের অর্থ, পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে আধুনিক ও বাসযোগ্য নগর ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের কাজ বাস্তবায়নে তৃণমূল সরকার একাধিক সুযোগ নষ্ট করেছেন। কিন্তু আর সুযোগ নষ্ট করা হবে না। নব নির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের সঠিক সিদ্ধান্তই উন্নত পশ্চিমবঙ্গ গড়ে তুলবে বলে জানিয়েছেন শমীক।

    উল্লেখ্য, সরকারি বিভিন্ন কাজকর্মে দলের নজরদারি চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দল ও সরকারের মধ্যে সমন্বয় রেখে কাজ করার বার্তা দিয়েছেন। অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য প্রতিবারই নব নির্বাচিত সরকারের পক্ষে দাঁড়িয়ে উন্নয়নের বার্তা দিয়েছেন। সরকারি সিদ্ধান্তে দলের সরাসরি প্রভাব না থাকলেও দলের সঙ্গে সমন্বয় রেখেই চলছে নবনির্বাচিত সরকার। এই পরিস্থিতি বঙ্গে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শমীকের পোস্টটি বিশেষ তাৎপর্যপূর্ণ।  
  • Link to this news (প্রতিদিন)